২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারুফ কামালের ছেলে রিসাদের দুই দিনের রিমান্ড

নিষিদ্ধ হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার রিসাদ খানকে দুই দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার রিসাদ খানকে দুই দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. শাহাদত হোসেন তার জামিন আবেদন নাকচ করে এ হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন। একই আদালত এদিন রিসাদের বন্ধু ফয়সালেরও দুই দিন হেফাজত মঞ্জুর করে। রিসাদের বাবা মারুফ কামাল খান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস সচিব। তার হেফাজতের আবেদন বাতিল করে জামিন চান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আবেদ রাজা, মাসুদ আহমেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী। শুনানিতে তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে রিসাদকে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি একজন সঙ্গীত শিল্পী। তিনি একটি ব্যান্ড দলের সঙ্গে যুক্ত এবং তার গানের অ্যালবামও বেড়িয়েছে। হেফাজতের আবেদনে বলা হয়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ওই সংগঠনের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তাদের হেফাজতে নেওয়া জরুরি। গত ৫ ডিসেম্বর মোহাম্মদপুরের নূরজাহান রোডে রিসাদ ও তার বন্ধু ফয়সালকে হিযবুত তাহরীরের ১৬টি পোস্টারসহ গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শিহাব উদ্দিন তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজত চান। এ আবেদনের শুনানি এর আগে দুইবার পেছায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/পিডি/২২০৩ ঘ.