ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধের বিষয়ে খালেদা জিয়ার কাছে ব্যাখ্যা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঔদ্ধত্য দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের বিবৃতি ঔদ্ধত্যপূর্ণ। একটি মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক দেশের সাবেক প্রধানমন্ত্রীকে কীভাবে প্রশ্ন করার অধিকার রাখেন কিংবা তার কাছে ব্যাখ্যা চান, তা বোধগম্য নয়। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।”
টিপাইমুখ নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে গত ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, এখন বিরোধিতা করলেও খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে এ বাঁধ নিয়ে নীরব ছিলেন।
“তার (খালেদা) মতে, টিপাইমুখ বাঁধের ফলে বাংলাদেশ যদি এতই ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এটি নির্মাণ করা থেকে ভারত বিরত থাকবে- মর্মে ভারতের কাছে থেকে বাধ্যবাধকতাপূর্ণ একটি অঙ্গীকার তিনি সে সময় আদায় করেননি কেন- বিষয়গুলো অনুগ্রহপূর্বক একটু স্পষ্টভাবে তিনি ব্যাখ্যা করবেন কি?” বলা হয় বিবৃতিতে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতির তীব্র সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।
জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত ওই সভায় মির্জা ফখরুল বলেন, “একজন মহাপরিচালকের প্রশ্নের জবাব দিতে তিনি (খালেদা) রাজি নন। পররাষ্ট্রমন্ত্রী যদি জানতে চাইতেন, তা-ও চলতো।”
টিপাইমুখ নিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ভূমিকার একটি বিবরণও তুলে ধরেন সাবেক প্রতিমন্ত্রী ফখরুল।
তিনি দাবি করেন, খালেদা প্রধানমন্ত্রী থাকাকালে ভারতের প্রধানমন্ত্রীর কাছে টিপাইমুখ বাঁধ নির্মাণে আপত্তি জানিয়ে তিন বার চিঠি পাঠিয়েছিলেন।
মনিপুর রাজ্যের টিপাইমুখে বরাক নদীর ওপর বাঁধ নির্মাণ বন্ধে গত মাসেও মনমোহন সিংয়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। তাতে যৌথ সমীক্ষার কথা বলেছিলেন তিনি।
গত সেপ্টেম্বরে ঢাকায় মনমোহন সিংয়ের সঙ্গে খালেদার বৈঠকে একই বক্তব্য তুলে ধরা হলে ভারতের প্রধানমন্ত্রীর মৌন সম্মতি পাওয়া গিয়েছিলো বলে দাবি করেন বিএনপির মুখপাত্র।
“এখনো ভারত বলছে, টিপাইমুখ বাঁধ নির্মাণে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। স্পষ্টভাষায় বলে দিতে চাই, ভারতের এ ধরনের আশ্বাসে আমরা সন্তুষ্ট নই। আমাদের নেত্রীও তা বলেছেন,” বলেন তিনি।
ফখরুল বলেন, টিপাইমুখ বাঁধের সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়ায় কথা বিশেষজ্ঞরা বলে এলেও সরকার তাতে কান দিচ্ছে না।
“প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা দিল্লি থেকে ফিরে এসে বলছেন, ওই প্রকল্পে বাংলাদেশের উপকার হবে। কী দুর্ভাগ্য! আমাদের সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কীভাবে ভারতের উপকার করা যায়, সেই কাজেই ব্যস্ত,” বলেন তিনি।
জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মোস্তফা আযাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান, ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এমআই/১৬২০ ঘ.
bdnews24