২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় তফসিল দেবে না ইসি

বর্তমান কমিশন তফসিল না দিলে আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন করা সম্ভব হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদের শেষ সময়ে চলে আসায় বর্তমান নির্বাচন কমিশন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে না বলে জানিয়েছেন কমিশন প্রধান এটিএম শাসসুল হুদা। আর সেক্ষেত্রে আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন করাও সম্ভব হবে না। ঢাকার দুই সিটি কর্পোরেশনে কীভাবে নির্বাচন হবে তা নির্ধারণে সোমবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, “আমরা ডিসিসি নির্বাচনের শিডিউল ঘোষণা করবো না। তবে নতুন কমিশন এসে যাতে নির্বাচন করতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি রেখে যাব।” প্রধান বিরোধী দলের প্রবল বিরোধিতার মধ্যে স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরেশন) সংশোধনের বিল জাতীয় সংসদে পাস করে সরকার। এর মধ্য দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে উত্তর ও দক্ষিণে দুটি সিটি কর্পোরেশন করা হয়। গত ১ ডিসেম্বর এ আইনের গেজেট প্রকাশের পর দুই কর্পোরেশনের ওয়ার্ডের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপনও জারি করে স্থানীয় সরকার বিভাগ। ইতোমধ্যে দুই ভাগে প্রশাসকও নিয়োগ করা হয়েছে। আইনে বলা হয়েছে, ডিসিসি উত্তর ও দক্ষিণে বিভক্ত হওয়ার গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু বর্তমান কমিশনের মেয়াদ আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে শেষ হচ্ছে বলে নির্বাচন করার জন্য ৯০ দিন সময় তারা হাতে পাচ্ছে না। এ কারণেই নির্বাচনের সময়সূচি (তফসিল) ঘোষণায় রাজি নয় বর্তমান কমিশন। এ বিষয়ে শামসুল হুদা বলেন, “বিদায়ী কমিশন ও নতুন কমিশন মিলে একটি নির্বাচন করার নজির আমাদের কাছে নেই। এতে অনেক জটিলতা সৃষ্টি হবে। এ কারণে এভাবে এ নির্বাচন আমরা করবো না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৪৪৫ ঘ.