ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন দাবি করেছেন, ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন না।
তদন্ত কমিটি দীর্ঘ দেড় বছর তদন্ত শেষে প্রতিবেদন প্রস্তুত বলে জানানোর তিন দিন পর এক বিবৃতিতে এ দাবি করেন সাবেক উপদেষ্টা।
রোববার এক বিবৃতিতে চট্টগ্রামনিবাসী সাবেক উপদেষ্টা মতিন দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আটক ছাত্র শিক্ষকদের মুক্তির উদ্যোগ নেন।
ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের ‘দায়িত্বে থাকা’ ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে বলে গত ৮ ডিসেম্বর সাংবাদিকদের জানান কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন।
এর পরদিন বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, সংসদীয় কমিটির প্রতিবেদনে ওই তত্ত্বাবধায়ক সরকার আমলের মতিনসহ বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তার শাস্তির সুপারিশ করা হয়েছে।
নির্যাতনের সময় থেকে ২০০৮ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম এ মতিন। ওই বছরের ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন ও মক্তিুযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টার দায়িত্ব পান তিনি।
মতিনের বক্তব্য প্রসঙ্গে তদন্ত কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তো প্রতিবেদন প্রকাশ করিনি। আনুষ্ঠানিকভাবে কিছু বলিনি। তিনি পত্রিকার প্রতিবেদনের ভিত্তিতে বিবৃতি দিয়েছেন। কোত্থেকে জানলেন তা তো জানি না।”
কমিটির তৈরি করা প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে কয়েকজন ছাত্রের সঙ্গে সেনাসদস্যদের তর্কাতর্কির জের ধরে ২০০৭ সালের ২০ থেকে ২৩ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় পুলিশ। তখন চার জন শিক্ষকসহ অনেক ছাত্রকে গ্রেপ্তার করা হলেও সারাদেশে ছাত্রবিক্ষোভের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকার।
২০০৯ সালে ক্ষমতায় যাওয়ার পর ঘটনা তদন্তে কমিটি করে মহাজোট সরকার। গতবছর কাজ শুরুর করার পর কমিটি বিভিন্ন সেনা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য শুনেছে। ছাত্ররা ২০০৭ সালে জরুরি অবস্থায় ছাত্র-শিক্ষক নির্যাতনের জন্য ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে দায়ী করে।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত উপ-কমিটির আহ্বায়ক মেনন ওই স্থায়ী কমিটির সভাপতিও।
আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি: মতিন
‘গণমাধ্যমে প্রকাশিত সংসদীয় উপ-কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রসঙ্গে আমার বক্তব্য’ শিরোনামে সাবেক উপদেষ্টা মতিনের স্বাক্ষর করা বিবৃতিটি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন দৈনিকের চট্টগ্রাম কার্যালয়ে পাঠানো হয়।
যোগাযোগ করা হলে বিবৃতি পাঠানোর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে নিশ্চিত করেন মতিন।
বিবৃতিতে তিনি দাবি করেন, সেনা-ছাত্র সংঘর্ষের ঘটনা তদন্তে নিয়োজিত উপ-কমিটি তাকে আত্মপক্ষ সমর্থন কিংবা এ বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়নি।
তিনি বলেন, “বরং বলা চলে মিথ্যাচারের আশ্রয় গ্রহণপূর্বক সংসদীয় উপ-কমিটি আমার অজান্তে ঢাবিতে ২০০৭ অগাস্ট মাসে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আমাকে অভিযুক্ত করে এবং তদপ্রেক্ষিতে আইনের আওতায় এনে শাস্তির সুপারিশ করে।”
সংসদীয় কমিটির তদন্তে তার ‘নাম আসার’ কারণে এ তদন্তকে ‘পরিহাস’ অভিহিত করেন তিনি।
“আমাকে অহেতুক হয়রানি এবং জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার মানসে বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত হয়েই সংসদীয় উপ-কমিটি এ ঘটনার সঙ্গে আমার জড়িত থাকার অভিযোগ উত্থাপন করেছে,” বিবৃতিতে দাবি করেন মতিন।
সিরিয়াস কিছু না: মেনন
ছাত্র-সেনা সংঘর্ষ ও ছাত্র-শিক্ষক নির্যাতনের ওই ঘটনার সময় এম এ মতিন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে না থাকলেও তার নাম শাস্তির জন্য সুপারিশ করা ‘দায়িত্বশীলদের’ মধ্যে আছে কি না- জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক মেনন বলেন, “সাবেক এ উপদেষ্টা তো গুরুতর অপরাধ দমন টাস্কফোর্সের প্রধান ছিলেন। সেজন্যে রেফারেন্স হিসাবে উনার নাম থাকতে পারে। এটা তেমন সিরিয়াস কিছু না।”
কমিটির প্রতিবেদন আগামী ২১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জমা দেওয়া হবে বলে গত ৮ ডিসেম্বর সাংবাদিকদের বলেন মেনন।
সেদিন তিনি বলেন, “আমরা চুনোপুটি কাউকে ধরিনি। যারা দায়িত্বে ছিলেন তাদের ধরেছি। তাদের আইনের আওতায় আনার সুপারিশ করেছি।”
তবে ওইদিন সাংবাদিকদের কাছে কারো নাম উল্লেখ করেননি তদন্ত কমিটির প্রধান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমসি/পিডি/১৯৩৮ ঘ.
bdnews24