ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে জাতিকে এর দায় থেকে মুক্ত করার তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
রোববার রাজধানীতে জাতীয় জাদুঘরে এক আলোচনা সভায় তিনি বলেন, “যারা যুদ্ধাপরাধী, যারা বুদ্ধিজীবী হত্যাকারী; সমগ্র জাতির দাবি তাদের বিচার দ্রুত সম্পন্ন হোক। বর্তমানে এ প্রক্রিয়া শুরু হয়েছে। তাই এসব যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া সম্পন্ন করে জাতিকে দায়মুক্ত হতে হবে।”
মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে ‘বিতর্কিত’ করতে বিদেশ থেকে আইনজীবী ভাড়া করে নিয়ে আসা হচ্ছে অভিযোগ করে মিজানুর বলেন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য সরকার গত বছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়।
এ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ পাঁচ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিচার চলছে। এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে এরইমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১১ উপলক্ষে এশিয়া হিউমান রাইটস অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশন ‘মানবাধিকার পরিস্থিতি প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।
বাংলাদেশ দারিদ্রবান্ধব না হয়ে ধনীবান্ধব হয়ে গেছে মন্তব্য করে মিজানুর বলেন, “দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যেখানে দারিদ্র সীমার নিচে অবস্থান করছে সেখানে ধনীবান্ধব সমাজ ব্যবস্থা মেনে নেওয়া যায় না। আমরা দেশের জনগণ এ অবস্থার পরিবর্তন আশা করি।”
কোন ক্রমেই যেন অগণতান্ত্রিক শক্তি দেশের রাষ্ট্র ব্যবস্থা দখল করতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মানবাধিকার চেয়ারম্যান।
তিনি বলেন, “স্বাধীনতার অন্যতম স্বপ্ন ছিলো যে দেশের প্রত্যেক নাগরিক তার মর্যাদা নিয়ে বেঁচে থাকবে। অনেক অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। তবে বিগত ৪০ বছরে দেশের অনেক অগ্রগতি সূচিত হয়েছে। অনেক বন্ধুর পথ অতিক্রম করে আমরা ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল মান্নান, ওসান গ্র“পের চেয়ারম্যান খন্দকার আলী আজম, এশিয়া হিউমান রাইটস অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফুল আহসান বাবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৪৫০ ঘ.
bdnews24