ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে একটি পোশাক কারখানার সাত তলার ছাদ থেকে নিচে পড়ে এক শ্রমিক মারা গেছেন।
নিহতের নাম লাকি আক্তার (২২)।
শনিবার দুপুর আড়াইটার দিকে গুলশান ইবানা গার্মেন্ট কারখানার ছাদ থেকে পড়ে আহত লাকি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান রাত ৮টা দিকে। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার পাইক পাড়া গ্রামের আবদুর রশিদ মোল্লার মেয়ে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আত্মহত্যা অথবা কেউ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। কারণ ওই ভবনের ছাদে পাঁচফুট উচু দেয়াল রয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।”
লাকির সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরের খাওয়ার সময় লাকি কারখানার ছাদে ওঠেন। হঠাৎ পাশের একটি টিনশেড ঘরের ওপর পড়ে আহত হন তিনি।
সহকর্মীরা তাকে শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লাকি ওই গার্মেন্টে দুই মাস ধরে কাজ করছিলেন বলে তার বোনের স্বামী জামিল হোসেন সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/পিডি/২৩১২ ঘ.
bdnews24