ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এবং সংশ্লিষ্ট মন্ত্রীর দপ্তর বদলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শনিবার বলেছেন, সেতু নির্মাণে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানানো হবে।
তিনি বলেন, “বড় বড় প্রকল্পগুলো বেশিরভাগই পিপিপিতে (সরকারি বেসরকারি অংশিদারিত্ব) হয়ে থাকে।
“পদ্মা সেতুও তৈরি করতে যে দেশ আসবে, দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হবে। যে সেতু তৈরি করবে সে অর্থ ওঠাবে। এ জন্য ১০ বছর, ২০ বছর, ৫০ বছর লাগুক অসুবিধা নেই- সেতু হবেই।”
“প্রকল্পের জন্য ইতোমধ্যে প্রধান নির্বাহী (সিইও) নিয়োগ করা হয়েছে। একটি পাবলিক পার্টনারশিপ সেল গঠন করা হয়েছে,” বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, “যেখানে টাকাই ছাড় করা হয়নি সেখানে দুর্নীতি হয় কীভাবে।”
বিশ্ব ব্যাংককে দুর্নীতি প্রমাণ করতে হবে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৫টা ১০ মিনিট থেকে ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শেখ হাসিনা।
নতুন মন্ত্রী নিয়োগ এবং পুরনো দুই মন্ত্রীর দপ্তর অদল-বদল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “মন্ত্রী বদলানো রুটিন কাজ। দুর্নীতির কারণে মন্ত্রী বদলানো হয়নি।”
যোগাযোগ মন্ত্রণালয়ে নতুন মন্ত্রীর দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এখন নতুন মন্ত্রী এসেছে। বিশ্ব ব্যাংকের তদন্তের সুবিধা হবে। সুতরাং বিশ্ব ব্যাংককে প্রমাণ করতে হবে কোন্ জায়গায় কত টাকা দুর্নীতি হয়েছে।”
গত ২৯ নভেম্বর ওবায়দুল কাদের ও সুরঞ্জিত সেনগুপ্তকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা। ওইদিনই শপথ নেন তারা। তাদের নিয়ে শনিবারের সংবাদ সম্মেলনে উপস্থিত হন প্রধানমন্ত্রী।
দুজনের মধ্যে ওবায়দুল কাদেরকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
বেহাল সড়ক ও পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠায় সমালোচিত সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে পাঠানো হয় নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফরের বিভিন্ন বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ওই দুই দেশে পাঁচ দিনের সফর শেষে শুক্রবার বিকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
‘এভাবে টাকা বন্ধের যৌক্তিকতা কী’
পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব ব্যাংক কি টাকা ছাড় করেছে? যদি টাকাই না দেয় তাহলে দুর্নীতি কোথায় হবে?”
“তারা একটা ধারণার বশবর্তী হয়ে এটা (দুর্নীতির অভিযোগ) করেছে।”
প্রধানমন্ত্রী বলেন, “পদ্মা সেতু প্রকল্পের কাজ কানাডিয়ান কোম্পানিকে দেওয়া হয়েছে। অভিযোগের পর সাবেক মন্ত্রী দুদকের (দুর্নীতি দমন কমিশন) কাছে চিঠি দিয়েছেন। দুদক বিশ্ব ব্যাংকের কাছে চিঠি দিয়েছে।
“কিন্তু বিশ্ব ব্যাংক কোনো তথ্য দিতে পারেনি। তারা কানাডার কোম্পানিকে জিজ্ঞেস করতে বলেছে। তারা বলছে (কানাডা) ‘কেন তথ্য সরবরাহ করব’? এভাবে টাকা বন্ধ করার কোনো যৌক্তিকতা আছে কি না জানি না। যে কোনো মূল্যে পদ্মা সেতু করবো।”
বিভিন্ন দেশকে আহ্বান
এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ সরকারের বড় প্রকল্পের অধিকাংশ কাজই পিপিপিতে দেওয়ার তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “এক্ষেত্রে তুরস্ক, কাতার, চীন, কোরিয়া- এমন অনেক দেশ আছে যারা পিপিপিতে কাজ করে। তাদের আহ্বান জানানো হয়েছে। আবারো জানাবো।”
পদ্মা সেতুকে দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “যাদের নিয়ে দুর্নীতির কথা এসেছে তাদের দিয়ে কাজ করার দরকার নেই। পদ্মা সেতুর কাজ কাজ যাতে বন্ধ না হয়- অনতিবলম্বে বিদেশিদের কাছে তা আহ্বান জানানো হবে। যারা আগ্রহী হবে তারা আসবে।”
বিশ্বব্যাংকের অর্থ ছাড় পেলে অন্য কাজে লাগানো হবে বলে জানান প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভায় রদবদল
মন্ত্রি পরিষদে স¤প্রতিক রদবদল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “সংসদীয় গণতন্ত্রে এটি স্বাভাবিক কাজ। এবার নিয়ে তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় রদবদল করা হলো।”
গত ২৯ নভেম্বর ক্ষমতাসীন মহাজোটের মন্ত্রিসভার তৃতীয় দফায় স¤প্রসারণে মন্ত্রী হিসেবে শপথ নেন ওবায়দুল কাদের ও সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিতকে দেওয়া হয় নবগঠিত রেল মন্ত্রণালয়ের দায়িত্ব।
পুরনোদের মধ্যে জি এম কাদের ও ফারুক খানের মন্ত্রণালয় অদল-বদল হয়। জাতীয় পার্টির নেতা জি এম কাদের বাণিজ্য এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ‘কম খাওয়ার পরামর্শ’ দিয়ে সমালোচনার মুখে পড়া ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন ইতোমধ্যে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠনের পর গত তিন বছরে বিভিন্ন ঘটনায় জাতীয় সংসদে ও বাইরে মন্ত্রীদের সমালোচনায় সরব ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এবং উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, গঠন করেন ৩২ সদস্যের মন্ত্রিসভা। এর ১৮ দিন পর মন্ত্রিসভায় আরো ছয় জন যোগ হন। ওই বছর ৩১ জুলাই দ্বিতীয় দফা কলেবর বাড়ে মন্ত্রিসভার। সেদিন নতুন একজন মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রী শপথ নেন।
বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৫ জন- এদের ২৮ জন মন্ত্রী এবং ১৭ জন প্রতিমন্ত্রী।
‘সফরে ইতিবাচক সাড়া’
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফরের বিভিন্ন বিষয় তুলে ধরতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জানান, মিয়ানমারকে পানি বিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য গ্যাস আমদানির প্রস্তাবসহ দ্বি-পাক্ষিক অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার সম্মত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ার বালি ডেমোক্রেসি ফোরামে সাত দফা প্রস্তাব তুলে ধরার কথাও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/পিডি/২৩১৫ ঘ.
bdnews24