নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি ইটভাটায় আটকে রাখা ১২ শ্রমিককে উদ্ধার করেছে র্যাব, এদের মধ্যে দুটি শিশু রয়েছে। আটকে রেখে কাজে বাধ্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইটভাটার দুজনকে।
শুক্রবার সকাল থেকে পাঁচ ঘণ্টার অভিযানে দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকার ইটভাটা দুটি থেকে ওই ১২ জনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি মজিবুর রহমান।
শ্রমিকরা জানিয়েছে, এমএমএসবি ব্রিকস ও মেসার্স হেলাল ব্রিকসে তারা এক মাস ধরে আটকা ছিলেন। তাদের সবার বাড়ি সাতক্ষীরার তালা থানার আজরাকাটি গ্রামে। তাদের মধ্যে দুজন নারী।
এর আগে সাভারসহ কয়েকটি এলাকায় ইটভাটায় এভাবে শ্রমিকদের আটকে রাখা হয়েছিলো, যাদের আইন-শৃঙ্খলা বাহিনী উদ্ধার করে।
র্যাব-১১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন জাকারিয়া মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের অন্যায়ভাবে আটক করা হয়েছিলো, যা মানবাধিকার লঙ্ঘন।”
শ্রমিকদের উদ্ধৃতি দিয়ে রূপগঞ্জ থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজরাকাটি গ্রামের ফজলু মোড়লের ছেলে লুৎফর মোড়ল দেড় মাস আগে তাদের কাজে লাগিয়ে ইট ভাটা মালিকের কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে চলে যায়।
শ্রমিকরা জানান, তাদের ১৭ জনকে ইটভাটা মালিকপক্ষের লোকজন একটি ঘরে আটকে রাখতো। ঠিকমতো খাবারও দিতো না। প্রস্রাব করতে হতো ঘরের ভেতরে বালতিতে। টয়লেটে নেওয়া হতো রশি বেঁধে।
ইটভাটা মালিকপক্ষের লোকজন নারীদের শ্লীলতাহানিও করতেন বলে জানায় শ্রমিকরা। তারা বলেছে, শুরুতে ১৭ জন থাকলেও এক সপ্তাহ আগে পাঁচ শ্রমিক কৌশলে পালিয়ে যান।
পালিয়ে যাওয়া এক শ্রমিক র্যাবকে ঘটনাটি জানালে শুক্রবার সকালে র্যাব-১১ এর একটি দল ইটভাট দুটিতে অভিযান চালায় বলে ওসি জানান।
ইটভাটার ওই ঘরে তালা ও শিকলও পাওয়া গেছে। শ্রমিকরা জানায়, তাদের শেকল দিয়ে বেঁধে রাখা হতো।
মুক্ত হওয়া শ্রমিকরা কান্নায় ভেঙে পড়েন। তাদের প্রত্যেকেই ক্ষুধার্ত ছিলেন।
শ্রমিকদের আটক করে নির্যাতনের অভিযোগে র্যাব দুই ইটভাটার সুপারভাইজার আফছারউদ্দিন ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তবে মালিক হেলালউদ্দিন ও কাইয়ুম মিয়াকে ইটভাটায় পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া শ্রমিক আতিয়ার রহমান খোকন কাঁদতে কাঁদতে বলেন, “ওরা মানুষ না। পায়খানায় গেলেও আমাদের কোমরে রশি দিয়ে বেঁধে পাহারায় থাকতো।”
দুই নারী শ্রমিক জানান, প্রতি রাতেই তাদের যৌন হয়রানি করা হতো।
এ বিষয়ে হেলাল ব্রিকসের মালিক হেলালউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা কোনো শ্রমিককে আটকে রাখিনি। এগুলো মিথ্যা কথা।”
এমএমএসবি ব্রিকসের মালিক কাইয়ুম বলেন, “শ্রমিকদের সর্দার টাকা নিয়ে পালিয়ে গেছে। তাই ওদেরকে আটকে রেখেছিলাম।”
তবে নির্যাতন ও খাবার না দেওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১৪ ঘ.
bdnews24