২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ বছরে বিদ্যুৎ সংকট নিরসন: মুহিত

বিদ্যুৎ সংকট নিরসনে সরকার তিনটি প্রকল্প নিয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী সাড়ে তিন বছরের মধ্যে দেশে বিদ্যুতের অভাব দূর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সংকট নিরসনে সরকার তিনটি প্রকল্প নিয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী সাড়ে তিন বছরের মধ্যে দেশে বিদ্যুতের অভাব দূর হবে। শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,“এ সব প্রকল্পের আওতায় মোট ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ইতোমধ্যে জাতীয় গ্রিডে ২ হাজার মেগাওয়াট যুক্ত হয়েছে। বাকি ৪ হাজারের লক্ষ্যমাত্রা শিগগিরই অর্জিত হবে।” “একটু সময় লাগলেও আগামী সাড়ে তিন বছরের মধ্যে দেশে বিদ্যুতের আর কোনো সংকট থাকবে না,” বলেন অর্থমন্ত্রী। মুক্তিযুদ্ধে বিজয়ের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে ‘চল্লিশে বাংলাদেশ: পরিবর্তন এবং প্রতিবন্ধকতা’ শীর্ষক তিন দিনের এ সেমিনারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশ জন্মলগ্নে পরিচিতি পেয়েছিল ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে। সীমিত সম্পদ নিয়েও আমরা সে অবস্থান থেকে সরে এসে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পথে রয়েছি।” এই সময়ে বাংলাদেশে সামাজিক বৈষম্য কমার পাশাপাশি মানব উন্নয়ন সূচক বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন মুহিত। তিনি বলেন, “অতীতে বিভিন্ন শাসনামলে দুর্নীতির কারণে বিদেশি বিনিয়োগকারীরা এখানে ব্যবসা করতে চাইতো না। এ অবস্থার পরিবর্তন হয়েছে।” তবে অভ্যন্তরীণ সম্পদের ঘাটতি এবং বেসরকারি পর্যায়ে বিনিয়োগ কম হওয়ার বিষয়টিকে বাংলাদেশের সামনে বড় ‘চ্যালেঞ্জ’ হিসেবে চিহ্নিত করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৯৭০ এবং ’৮০ এর দশকে ১.১ শতাংশ এবং ৩.২ শতাংশ হারে বৃদ্ধি পেলেও এ শতকের প্রথম দশকে তা বেড়ে দাঁড়িয়েছে ৫.৮ শতাংশে। “১৯৯০ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল ৫৭ শতাংশ, বর্তমানে তা কমে হয়েছে ৩০ শতাংশ। মানব সম্পদ উন্নয়ন এবং পল্লী অঞ্চলে দারিদ্র নিরসনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।” তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, “বিপ্লবের পরিসীমা এতো মহৎ যে এতো অল্প সময়ে তা মূল্যায়ন করা সম্ভব নয়।” তবে দারিদ্র্যের সীমা নির্ধারণে সরকারি হিসাব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আকবর আলি বলেন, “সরকারি হিসেবে দেশে ৩৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করলেও বিশ্ব ব্যাংকের হিসেবে তা ৮১ শতাংশ। মাথাপিছু আয়ের বিচারে দেশে দারিদ্র্য বেশি। তবে দেশের মানুষ এখনো অপুষ্টি এবং অনাহারের বলয় থেকে বের হতে পারে নি।” দেশে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে এই সাবেক সচিব বলেন, এখনি পদক্ষেপ না নিলে বাংলাদেশ উচ্চ বৈষম্যের দেশে পরিণত হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ আয়োজিত এ সেমিনারে অন্যদের মধ্যে ফিন্যানশিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বায়েস বক্তব্য দেন। তিন দিনের এ সেমিনার চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। অর্থনৈতিক ক্ষেত্রে গত ৪০ বছরে বাংলাদেশের অগ্রগতি ও প্রতিবন্ধকতা নিয়ে সেমিনারের ৯টি অধিবেশনে আলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৭২৩ ঘ.