বগুড়া, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাধিক বিয়ে বিচ্ছেদের ‘অপরাধে’ এক ঘরে করায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে লিমি খাতুন নামে বগুড়ার এক মেয়ে।
আত্মহত্যার পর পুলিশ এসে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে দাফনের অনুমতি দিলে বৃহস্পতিবার লিমির লাশ কবর দেওয়া হয়েছে।
ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের কচুগাড়ী গ্রামের সুমার আকন্দের মেয়ে লিমির (২৪) জানাজায় অংশ নেয় কয়েকশ গ্রামবাসী।
ধুনট থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে বিষ খাওয়ার প্রমাণ পাওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
দরিদ্র পরিবারের মেয়ে লিমি। বছর চারেক আগে পাশের গোসাইবাড়ি ইউনিয়নের বগা গ্রামের হেলালের সঙ্গে বিয়ে হয় তার। এক সময় স্বামীর কাছ থেকে আলাদা হয়ে একমাত্র সন্তান সিয়ামকে নিয়ে লিমি চলে যান বাবার বাড়ি।
এলাকাবাসী জানায়, অভাবের কারণে লিমি কাজের সন্ধানে যায় ঢাকায়। চাকরি নেয় এক পোশাক কারখানায়। সেখানেই নোয়াখালীর এক ছেলের সঙ্গে পরিচয়। নতুন করে ঘর বাঁধে তার সঙ্গে। তবে এ বিয়ে ভেঙে যাওয়ার পর গ্রামে ফিরলে আপত্তি তোলে ‘গ্রাম্য সমাজ’। লিমির চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তার পরিবারকে করে এক ঘরে (সমাজচ্যুত) গ্রামের মাতবররা।
ভান্ডাবাড়ি ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরু উন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগের স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের কারণ দেখিয়ে মাতবর ইদরিস সরকারের নেতৃত্বে কচুগারি ও বানিয়াজান গ্রামের কয়েকজন মাতবর লিমির পরিবারকে ঈদের আগে এক ঘরে করে।
লিমির ভাই আব্দুল মজনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগে এক ঘরে তুলে নিলেও মাস খানেক আগে আবারো আমাদের এক ঘরে করা হয়।”
ঈদের পর মাতবররা শাস্তি প্রত্যাহার করলেও পরে পুনরায় এক ঘরে করার খবর জানতেন না বলে জানান ইউপি সদস্য নুরু।
“বুধবার বাড়ি এসে একঘরে করার কথা জানতে পেরে সন্ধ্যায় আত্মহত্যা করে লিমি,” বলেন মজনু।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হলেও ময়না তদন্ত হয়নি বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১০০ ঘ.
bdnews24