২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ধরনের লাইসেন্স: বিটিআরসিতে দেড়শ আবেদন

ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) লাইসেন্স পেতে আবেদন করেছে একশ ৫৩টি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) লাইসেন্স পেতে আবেদন করেছে একশ ৫৩টি প্রতিষ্ঠান। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। এদিন ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। আইজিডব্লিউ লাইসেন্সের জন্য আবেদন পড়েছে ৪৩টি, আইসিএক্সের জন্য ৫১টি এবং আইআইজির জন্য ৫৯টি আবেদন হয়েছে। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে এসব প্রতিষ্ঠানের আবেদন মূল্যায়ন শেষ হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান এ লাইসেন্স নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ২০ অক্টোবর আরো কয়েকটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। জিয়া আহমেদ বলেন, “কতগুলো লাইসেন্স দেওয়া হবে তা নির্ধারণ করবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।” বিটিআরসি মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইন্টারন্যাশনাল গেটওয়ে লাইসেন্সের জন্য ১৫ কোটি টাকা, ইন্টারকানেকশন এক্সচেঞ্জের জন্য ৫ কোটি টাকা এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে লাইসেন্সের জন্য ৫ লাখ টাকা লাইসেন্স ফি দিতে হবে।” জমা পড়া আবেদনগুলো মার্কিং গ্রেডেশনের মাধ্যমে যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি। বিভিন্ন ভয়েস অপারেটরের মধ্যে আন্তঃসংযোগের ব্যবস্থা করে আইসিএক্স। বিটিসিএল, গেটকো ও আরএমএন্ডএইচ আইসিএক্স অপারেটর। বর্তমানে সব ভয়েস অপারেটর এই তিনটি আইসিএক্সে সংযুক্ত। আন্তর্জাতিক কলগুলো আদান-প্রদানের জন্যে আইসিএক্সগুলো আইজিডব্লিউর সঙ্গে সংযুক্ত থাকে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), মীর টেলিকম, নভোটেল, বাংলা ট্র্যাক আইজিডব্লিউ সেবা দেয়। এদের সবার সঙ্গে আইসিএক্সগুলো সংযুক্ত। বর্তমানে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে সেবা দিচ্ছে ম্যাংগো এবং সরকারী প্রতিষ্টান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল)। বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে ব্যান্ড উইডথ বিক্রি করা এ সার্ভিসের মূল কাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৩৩ ঘ.