২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিয়মকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা

বিয়ের ১২ দিনের মাথায় কিশোরগঞ্জের মরিয়মকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের ১২ দিনের মাথায় কিশোরগঞ্জের মরিয়মকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাত ১১টায় মরিয়মের বাবা গিয়াস উদ্দিন বাদি হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি মীর মোশারফ হোসেন। বুধবার ভোরে সদর উপজেলার বেতরাহাটি গ্রামে এ নির্যাতনের শিকার হন নববধূ মরিয়ম (২০)। ঘটনার পর পরই তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়। ওসি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এ মামলায় মরিয়মের স্বামী আবু বাক্কারসহ সাত জনকে আসামি করা হয়েছে। তাদের ধরতে গ্রেপ্তার অভিযান শুরু হবে। ঘটনা তদন্তে থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব বার্ণ ইউনিটে গিয়েছেন বলেও জানান তিনি। হাবিব জানান, মরিয়মের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। মরিয়মের পরিবারের সদস্যরা জানান, মরিয়মের সঙ্গে বছর খানেক আগে প্রতিবেশী আবু বাক্কারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মরিয়ম গর্ভবতী হয়ে পড়েন। পরে ‘বাধ্য’ হয়ে মাত্র ১২ দিন আগে আবু বাক্কার মরিয়মকে বিয়ে করেন। কিন্ত আবু বাক্কার ও তার পরিবার এ বিয়ে মেনে না নিয়ে বিয়ের পর থেকেই মরিয়মের ওপর নির্যাতন চালিয়ে আসছিলো বলে অভিযোগ রয়েছে। তারা জানান, বুধবার ভোর ৫টার দিকে মরিয়ম প্রকৃতির ডাকে ঘর থেকে বের হওয়ামাত্র স্বামী আবু বাক্কার তার ছয় সহযোগীকে নিয়ে মরিয়মের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় মরিয়মের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯৩৩ ঘ.