২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুইজন খুন

রাজধানীর জিয়া উদ্যান থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ বনশ্রী এলাকায় ম্যানহোলে পাওয়া গেছে এক যুবকের লাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 10:31 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জিয়া উদ্যান থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ বনশ্রী এলাকায় ম্যানহোলে পাওয়া গেছে এক যুবকের লাশ। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নিজামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বুধবার চন্দ্রিমা উদ্যানের ভেতরে পাবলিক টয়লেটের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে প্রাতভ্রমণে আসা লোকজন পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত শামীম হাসান (২২) ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) ফার্মাসির ছাত্র ছিলেন। আদাবরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাড়া করা একটি ছাত্রাবাসে তিনি থাকতেন। এসআই নিজামুল জানান, পকেটে পাওয়া মানিব্যাগে একটি টেলিফোন নম্বর পেয়ে, সেখানে যোগাযোগ করে নিহতের পরিচয় পাওয়া যায়। পরে শামীমের বন্ধুরা এসে লাশ সনাক্ত করে। শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামীম মঙ্গলবার সন্ধ্যার পর ছাত্রাবাস থেকে বেরিয়ে যান। পরে টেলিফোন করে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ককে জানান, তার ফিরতে দেরি হবে। “ছাত্রাবাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম বের হওয়ার কিছু পর তার রুমমেট জুলকারনাইনও বের হয়ে যায়। রাতে সে আর ফেরেনি। সকালে জুলকারনাইন ছাত্রাবাসে ফিরে তাড়াহুড়ো করে পোশাক বদলে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে আবার বেরিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে সে বিশ্ববিদ্যালয়ে যায়নি”, বলেন ওসি। শামীমের নিহত হওয়ার সঙ্গে জুলকারনাইনও জড়িত থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি। এদিকে, খিলগাঁও থানা পুলিশ মঙ্গলবার রাতে দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে আবু সাইদ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করে। খিলগাঁও থানার এসআই শফিকুল গণি সাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইদ ওই বাড়িতে দারোয়ান হিসেবে কাজ করতো। গত সোমবার রাত ১২টা পর্যন্ত সুইপার নিয়ে সে বাড়ির ড্রেন পরিষ্কার করায়। সকালে সাইদকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে রাতে সেফটিক ট্যাংকে তার লাশ পাওয়া যায় বলে এসআই গণি জানান। তিনি বলেন, লাশের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জেকে/১৬১৫ ঘ.