ঝিনাইদহ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালিশ বসিয়ে এক নারীর চুল কেটে লুব্রিকেন্ট অয়েল (মবিল) ঢেলে দেয়ার অভিযোগে মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার শিকার রেক্সানা বেগমের করা মামলার আসামি জামাল হোসেনকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত জামাল সালিশকারীদের একজন। তিনি ও লাল্টু নামের এক ব্যক্তি রেক্সানার চুল কেটে দেন এবং পরে তার মাথায় তেল ও মুখে চুন কালি মাখান।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঘোলপাড়া গ্রামে বিয়ে বিচ্ছেদের কয়েক মাস পর রোববার রাতে রেক্সানা সাবেক স্বামী সাদ্দাম হোসেনের সঙ্গে আলাপ করেছেন অভিযোগ করে সালিশ ডাকে গ্রামের কয়েকজন লোক।
পরদিন বিয়ে বিচ্ছেদের পর অর্থ ফেরত চাওয়ায় কৌশলে সালিশ বসিয়ে হেনস্তা করার অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেক্সানা মামলা করেন বলে জানান সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
এদিকে মামলার অপর এক আসামি নিয়ামতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ঘোলপাড়ার মেম্বর হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের লোকজন রেক্সানাকে ধরে তার বাড়িতে নিয়ে যান।
সেখানে সালিশে গ্রামের ৩-৪শ মানুষ উপস্থিত থাকার কথা জানালেও তিনি ছিলেন না বলে দাবি করেন হাফিজুর।
মামলার অন্য আসামিরা হলেন- তালাকপ্রাপ্ত স্বামী সাদ্দাম হোসেন, ঘোলপাড়ার বাসিন্দা কবিতা বেগম, আব্দুস সালাম, জান্নাত আলী, আব্দুল আলীম ও হাফিজুর রহমান।
ওসি কামরুজ্জামান বলেন, “মামলা করার পর সোমবার রাতে রেক্সানা থানা হেফাজতে ছিলেন। মঙ্গলবার সকালে তাকে ঘোলপাড়া গ্রামে তার বোনের কাছে রেখে আসা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩০০ ঘ.
bdnews24