ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসবে হামলার আশঙ্কায় রাজধানীতে নয় তরুণকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- জ্যোতিময় চাকমা, উথয় মারমা, মার্টিন চাকমা, উসিং মারমা, উথিন মারমা, রুপেন চাকমা, ধন চাকমা, লুক চাকমা ও মিটেল চাকমা। এদের বয়স ২০-২৫ বছরের মধ্যে বলে পুলিশ জানায়।
মৎস্য ভবনের সামনের রাস্তা থেকে মঙ্গলবার দুপুর ৩টার দিকে এদের গ্রেপ্তার করা হয়। এদের বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পুলিশ জানায়।
শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর উৎপাদিত ঐতিহ্যবাহী পণ্য, শিল্পকর্ম ও সংস্কৃতি নিয়ে রোববার শুরু হয় ছয় দিনব্যাপী সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটককৃতরা প্রথমে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে শিল্পকলা একাডেমীর দিকে আসছিলো। পরে মৎস্য ভবনের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।”
থানায় কোনো মামলা না হলেও আটককৃতদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএম/পিডি/১৮৪১ ঘ.
bdnews24