২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াত-পুলিশ সংঘর্ষ

সিলেটে জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কোতোয়ালি থানার ওসিসহ নয় জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

সিলেট, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কোতোয়ালি থানার ওসিসহ নয় জন আহত হয়েছে। সংঘর্ষস্থল থেকে দুই জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর রারুতখানা ও জেল রোড এলাকায় এ সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড ফাঁকা গুলি ও ১৫ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল এবং গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে নগরীর বন্দর বাজার থেকে ৩ার দিকে মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। পুলিশ মিছিলে বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, মিছিলকারীরা পুলিশের ওপর ইট ছুড়তে থাকলে পুলিশ লাঠিপেটা এবং ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের মধ্যে কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ ও তিন পুলিশ সদস্য রয়েছেন। আহতদের মধ্যে দৈনিক আমার দেশের চিত্রগ্রাহক বেলায়েত হোসেনও রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮২৫ ঘ.