ঝিনাইদহ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ে বিচ্ছেদের পর অর্থ ফেরত চাওয়ায় কৌশলে সালিশ বসিয়ে মাথার চুল কেটে মবিল মাখানোর অভিযোগে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।
রেক্সানা বেগম (৩২) নামে ওই নারীর করা মামলার আসামিরা হলেন- তালাকপ্রাপ্ত স্বামী সাদ্দাম হোসেন, ঘোলপাড়ার বাসিন্দা কবিতা বেগম, আব্দুস সালাম, জান্নাত আলী, আব্দুল আলীম, হাফিজুর রহমান, লাল্টু ও জামাল।
রোববার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঘোলপাড়া গ্রামে সালিশের ঘটনার পর নির্যাতনের শিকার রেক্সানা সোমবার সন্ধ্যায় থানায় মামলা করেন বলে জানায় পুলিশ।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ডলি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তালাকপ্রাপ্তা রেক্সানার সঙ্গে ৭-৮ মাস আগে পাশের তালিয়ান গ্রামের সাদ্দাম হোসেনের (৩৬) বিয়ে হয়। সাদ্দাম বিয়ের পর রেক্সানার কাছ থেকে বিভিন্ন সময় ৬০ হাজার টাকা নেয়। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে তিন মাস আগে তাদের বিয়ে বিচ্ছেদ হয়।”
রেক্সানা তখন সাদ্দামের কাছে তার পাওনা টাকা ফেরত চাইলে সাদ্দাম তালবাহানা করতে থাকে জানিয়ে এসআই বলেন, “এক পর্যায়ে এলাকার লোকজনের চাপে সাদ্দাম রেক্সানাকে ৩২ হাজার টাকা ফেরত দেন।”
রেক্সানার অভিযোগের বরাত দিয়ে এসআই ডলি জানান, রোববার বিকালে সাদ্দাম কৌশলে আবার রেক্সানার বাড়িতে যান। এসময় গ্রামের লোকজন দুইজনকে আলাপরত অবস্থায় ধরে ইউপি সদস্য হাফিজুর রহমানের বাড়িতে নিয়ে আটকে রাখে।
তিনি বলেন, “সেখানেই রাত ৯টার দিকে সালিশ বসে এবং সালিশে রেক্সানার চুল কেটে মাথায় আলকাতরা মেখে দেওয়ার রায় দেওয়া হয়।”
কিন্তু রাতে এলাকার লোকজন চুল কেটে আলকাতরা না পেয়ে মাথায় মেশিনের পোড়া মবিল লাগিয়ে দিয়েছে বলে রেক্সানা পুলিশকে জানান।
কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, ঘটনার পর পরই সালিশকারীদের ভয়ে রেক্সানা গা ঢাকা দিয়েছিলো। কিন্তু সাংবাদিকরা বিষয়টি জেনে রেক্সানার বাড়ি যায়।
তিনি বলেন, “সাদ্দামই কৌশলে লোকজন দিয়ে এই নির্যাতন চালিয়েছে বলে রেক্সানা পুলিশকে অভিযোগ করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/০০৪২ ঘ.
bdnews24