ঝিনাইদহ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রামঞ্চে দর্শকদের আকৃষ্ট করতে জ্যান্ত সাপ নিয়ে নাচার সময় কামড়ে এক নৃত্যশিল্পীর মৃত্যু হয়েছে।
রোববার রাতে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নাগিরাট বাজারে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
মারা যাওয়া হীরা (২২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি অগ্রগামী অপেরার নৃত্যশিল্পী ছিলেন।
অগ্রগামী অপেরার শিল্পীরা গত কয়েকদিন ধরে নাগিরাট বাজারে যাত্রাপালা মঞ্চস্থ করছে। হীরা প্রতিদিনই দর্শকদের আকৃষ্ট করতে সাপ নিয়ে মঞ্চে নাচ দেখাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১০টার দিকে যাত্রা শুরু হলে হীরা তার সাপ নিয়ে দর্শকদের সামনে হাজির হন। নাচের এক পর্যায়ে হঠাৎ করেই সাপটি হীরাকে ছোবল দেয়। তখন তিনি চিৎকার দিয়ে নাচ বন্ধ করে মঞ্চের বাইরে চলে যান।
এরপর স্থানীয় ওঝা এনে কিছুক্ষণ হীরাকে ঝাঁড়ফুক করা হয়। মধ্যরাতে হীরাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান শৈলকূপা থানার ওসি আহসান হাবিব।
হীরা মারা যাওয়ায় দলের সঙ্গীরা শোকাগ্রস্ত হয়ে পড়েছে। ওই রাতে যাত্রা আর হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৩ ঘ.
bdnews24