২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএম-৯০ ক্ষেপণাস্ত্র পেল বিমানবাহিনী

বাংলাদেশ বিমানবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো ভূমি থেকে নিক্ষেপণ যোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 06:48 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো ভূমি থেকে নিক্ষেপণ যোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাঁটিতে ভূমি থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য এফএম-৯০ নামের স্বল্প পাল্ল¬ার এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার উদ্বোধন করেন। এ সময় বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ এম জিয়াউর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ ক্ষেপণাস্ত্র সংযুক্তিকে বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, “সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” তিনি বলেন, “চীনের সহায়তায় সব ধরনের আবহাওয়ায় কার্যকর এই ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করা হয়েছে। ভূমিতে স্থাপিত এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিচু বা অনেক উচ্চতায় উড্ডয়নরত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।” বিমান বাহিনীর আধুনিকায়নে ১৯৯৬- ২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের আমলে ইতোমধ্যে কক্সবাজারে একটি স্বয়ংসম্পূর্ণ বিমান ঘাঁটি ও রক্ষণাবেক্ষণ ইউনিটের কাজ শেষ হয়েছে। এছাড়া আরো অনেক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দক্ষ বৈমানিক প্রকৌশলী ও বিমান সেনা হিসেবে নিজেদের গড়ে তুলতে বিমান বাহনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এ সময় এক বর্ণাঢ্য কুচকাওয়াজ করে বিমান বাহিনীর সদস্যরা। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী কুর্মিটোলা ঘাঁটিতে গণচীনের সহযোগিতায় স্থাপিত বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টারের উদ্বোধন করেন। বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, এ কারিগরি প্রতিষ্ঠানের মাধ্যমে বিমান ও হেলিকপ্টারের মেরামত ও কাঠামোগত পরিবর্তনসহ বিমানের ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি করা যাবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, চীনের রাষ্ট্রদূত, সেনা ও নৌবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/০০৪৬ ঘ.