সাতক্ষীরা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার আশাশুনি উপজেলায় একটি চিংড়ি ঘের থেকে এক অজ্ঞাত পরিচয় যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার কামালকাটি গ্রামের চাম্পাফুল-পারুলিয়া সড়কের পাশে একটি চিংড়ি ঘেরে মেয়েটির লাশ পাওয়া যায়।
আনুমানিক বয়স ৩০ বছর বয়সী এ মেয়ের দু’হাত ওড়না দিয়ে বাঁধা ছিল বলে পুলিশ জানিয়েছে।
আশাশুনি থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সকালে স্থানীয় হরিদাশ মণ্ডলের চিংড়ী ঘেরে লাশটি ভাসতে দেখে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। শ্বাসরোধ করে অথবা অন্য কোনো উপায়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24