গোপালগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক ইউপি সদস্যের হাতের আঙুল ও পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে গোহালা গ্রামে এ হামলায় আহত হন গোহালা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাদশা দর্জি (৪৫)।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ নাজমুল কাজী নামে একজনকে গ্রেপ্তার করেছে।
সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাদশা দর্জির সঙ্গে সাবেক ইউপি সদস্য সালাম দর্জির বিরোধ চলছে।
শনিবার রাতে সিন্ধিয়াঘাট বাজার থেকে বাড়ি যাওয়ার পথে সালাম দর্জির নেতৃত্বে আনন্দ দর্জি, হাসু দর্জি ও জামাল দর্জি তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে ডান হাতের বুড়ো আঙুল ও বাম পায়ের রগ কেটে দেয়।
বাদশা দর্জির শরীরে ১২টি কোপের চিহ্ন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মুকসুদপুর থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০২৪ ঘ.
bdnews24