ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে সামনে রেখে মিয়ানমার সে দেশে বন্দি ৩৫ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে।
রোববার মায়ানমার সরকারের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া এ খবর জানায়।
৩৫ বাংলাদেশি বন্দিকে তিন দিন আগেই কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশের অনুরোধ, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বন্দিদের ব্যক্তিগত অবস্থা বিবেচনা করে তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ওই কর্মকর্তা।
মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার প্রতিবেশী দেশটিতে সফরে যাচ্ছেন।
মিয়ানমার সেনাবাহিনীর উপ-প্রধান সোয়ে উইন গত মাসে বাংলাদেশ সফর করেন।
গত আট বছরে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটিই প্রথম মিয়ানমার সফর। ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশটি সফর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএন/আরআরডি/এমআই/১৫২৫ ঘ.
bdnews24