২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রের মৃত্যু

হরতাল চলাকালে রোববার রাজধানীর কমলাপুরে মটর সাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 08:53 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে রোববার রাজধানীর কমলাপুরে মটর সাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ সাব্বির হোসেন (২০) ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের টেক্সাইল বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং ফেরদৌস আলম খান রাব্বি (১৮) মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। সাব্বিরের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জের চামতা গ্রামে। বাবার নাম আব্দুল মোতালেব। সাব্বিরের বাবা ভ্যানচালক মোতালেব সাংবাদিকদের জানান, সকাল ৯টার দিকে তাদের সবুজবাগের বাসা থেকে সাব্বিরকে ডেকে নিয়ে যায় রাব্বি। এরপর কমলাপুর থেকে বাসার দিকে ফেরার পথে মটর সাইকেলটি রাস্তার পাশে আইল্যান্ডে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মটর সাইকেলের চালক রাব্বি মারা যায়। সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএমআর/আরএ/১৪৫০ ঘ.