২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করুন’

উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ। শনিবার বিকালে ২০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “পারিবারিক, সামাজিক ও শিক্ষাসহ সব ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরির মধ্য দিয়ে প্রতিবন্ধীদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব।” “এজন্য ব্যক্তি থেকে প্রতিষ্ঠান সব পর্যায়ের মানুষকে এগিয়ে আসতে হবে”, যোগ করেন তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্থাপিত ‘সমতার মঞ্চে’ জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও পার্লামেন্টারিয়ান্স ককাস অন ডিজঅ্যাবিলিটি আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা অটিস্টিক, দৃষ্টি, শ্রবণ ও শারিরীক প্রতিবন্ধীসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন অংশগ্রহণ করে। এবারের প্রতিবন্ধী দিবসের মূল প্রতিপাদ্য ছিলো, ‘উন্নয়নে সম্পৃক্ত প্রতিবন্ধী ব্যক্তি: সবার জন্য সুন্দর এক পৃথিবী’। অনুষ্ঠানের আগে ধানমণ্ডির রাসেল স্কয়ার থেকে প্রতিবন্ধীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রতিবন্ধীদের অংশগ্রহণ তাদের জীবনযাত্রাকে অনেকখানি সহজ করে দেবে মন্তব্য করে মন্ত্রী বলেন, “প্রতিভাবান প্রতিবন্ধী শিল্পীদের মেধার বিকাশে শিল্পকলা একাডেমী, বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তাদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া যাদুঘর, বিভিন্ন প্রতœতাত্ত্বিক নিদর্শন ও লাইব্রেরিসহ সব স্থানে প্রতিবন্ধীদের অবাধ যাতায়াত নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অনুষ্ঠানের সভাপতি ও পার্লামেন্টারিয়ানস ককাস্ অন ডিজঅ্যাবিলিটির আহ্বায়ক সংসদ সদস্য আবদুল মতিন খসরু বলেন, “আগে প্রতিবন্ধীদের কল্যাণের জন্য বিভিন্ন উদ্যোগ থাকলেও এখন তাদের জন্য অধিকারভিত্তিক আইন প্রণয়ন করা হচ্ছে।” আলোচনা শেষে প্রতিভাবান প্রতিবন্ধী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহণে ‘অন্য আলোর গান’ শিরোনামে বিশেষ কনসার্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/পিডি/২২১৭ ঘ.