২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিবেশীর সঙ্গে ঝগড়া নয়, টিপাইমুখ বাঁধও নয়’

ভারতের টিপাইমুখে বরাক নদীতে বাঁধ নির্মাণ নিয়ে দেশটির সঙ্গে ঝগড়া করে শান্তি নষ্ট করতে চান না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

চাঁদপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখে বরাক নদীতে বাঁধ নির্মাণ নিয়ে দেশটির সঙ্গে ঝগড়া করে শান্তি নষ্ট করতে চান না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। শনিবার চাঁদপুরে এক সভায় তিনি বলেন, “প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে আমরা দেশের শান্তি বিনষ্ট করতে চাই না। কিন্তু তার মানে এই নয় যে, আমরা ভারতকে টিপাইমুখ বাঁধ নির্মাণ করতে দেব।” দীপু মনি বলেন, ইতোমধ্যে সরকার টিপাইমুখ বাঁধ নির্মাণের তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত সরকারকেও বিষয়টি ভেবে দেখতে বলা হয়েছে। বিরোধী দল এই ইস্যুতে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন করেন, “আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও টিপাইমুখ বাঁধ নির্মাণের কথা উঠেছিলো। অপনারা তখন প্রতিবাদ করেননি কেন?” দীপু মনি বিকালে ফরিদগঞ্জ উপজেলায় কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ¢’ উদ্বোধন করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ বক্তব্য দেন। বরাক নদীতে টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গত ২২ অক্টোবর ভারতের কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। তারপর বিষয়টি গণমাধ্যমে আসে। চুক্তির খবর প্রকাশের পর বাংলাদেশে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরিবেশ বিশেষজ্ঞরা আগে থেকেই বলে আসছেন, টিপাইমুখে বিদ্যুৎ প্রকল্প হলে বাংলাদেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। এই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাঁধ নির্মাণ করে ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না। অপরদিকে টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতা করে প্রধান বিরোধী দল বিএনপি সিলেট জেলায় গত বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮২৫ ঘ.