২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল বন্ধ করুন: বিএনপি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি অনাস্থা জানিয়ে এর কার্যক্রম বাতিলের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি অনাস্থা জানিয়ে এর কার্যক্রম বাতিলের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, “এই ট্রাইব্যুনালে অভিযুক্তদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই আদালতের প্রতি বিএনপির কোনো আস্থা নেই।” “এর কার্যক্রম পূর্ব নির্ধারিত ছক অনুযায়ী লোক দেখানো বিচার সম্পাদন ও ফরমায়েশি সাজা প্রদানেরই নামান্তর। বিএনপি দাবি করছে- অবিলম্বে এই ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল করা হোক।” একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিচারের প্রতিবাদ জানাতে আয়োজিত এই সংবাদ সম্মেলনের ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ‘আন্তর্জাতিক স¤প্রদায়ের’ প্রতি আহবান জানান মওদুদ। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। এ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ পাঁচ নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিচার চলছে। এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে এরইমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী মওদুদ অভিযোগ করেন, “সরকার টালবাহানা করে এই ট্রাইব্যুনালকে একটি অভ্যন্তরীণ আদালত হিসেবে অভিহিত করেছে। কিন্তু অভিযুক্তদের সম-অধিকার প্রদানে নিশ্চয়তা দেয় এমন সব আইনগুলো স্থগিত রেখেছে।” “সালাহউদ্দিন কাদের চৌধুরীর অনুপস্থিতিতে রাষ্ট্রপক্ষ এক বছর যাবত মামলার কার্যক্রম চালিয়েছে। অথচ অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মাত্র তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। রাষ্ট্র ও অভিযুুক্ত পক্ষ সমান সুযোগ পাওয়ার কথা থাকলেও এক্ষেত্রে তা হয়নি”, যোগ করেন তিনি। অবশ্য মওদুদ এও বলেন, “বিএনপি সত্যিকারের যুদ্ধাপরাধে বিচার চায়। তবে সেই বিচার হতে হবে দেশের প্রচলিত আইনে, যাতে এই বিচার নিয়ে জনমনে যেন কোনো সন্দেহ না থাকে।” সাকা চৌধুরী হিসেবে পরিচিতি পাওয়া বিএনপি নেতা ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় ২০১০ সালের ২৬ জুলাই। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মাথায় গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার এক মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। গত বছর ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের মামলায় সাকা চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর পর ট্রাইব্যুনালের প্রসিকিউশন চলতি বছর ৪ অক্টোবর তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সরকার ‘অভ্যন্তরীণ আদালত’ বলেছে উল্লেখ করে মওদুদ প্রশ্ন রাখেন, “যদি এটি অভ্যন্তরীণ আদালত বলে গণ্য হয়, তবে কেন আদালতের নাম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রাখা হয়েছে? স্টিফেন র‌্যাপকে কেন পরামর্শ দেওয়ার জন্য দেশে নিয়ে এসেছেন? রোম বিধিমালা ও আন্তর্জাতিক আদালতের অঙ্গীকারনামায় কেন স্বাক্ষর করেছেন?” যুদ্ধাপরাধ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন র‌্যাপ যে ৬ দফা সুপারিশ দিয়েছেন তা বাস্তবায়নেরও দাবি জানান তিনি। এই বিএনপি নেতা বলেন, “আমরাও মনে করি, র‌্যাপের সুপারিশ অনুযায়ী সংস্কার ছাড়া এ ট্রাইব্যুনাল ন্যায়পরায়ণ, স্বাধীন ও স্বচ্ছ হতে পারে না। এ ট্রাইব্যুনাল রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার হাতিয়ার হিসেবে আভির্ভূত হয়েছে।” ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধে সরকারের ওপর চাপ সৃষ্টির আহবান জানিয়ে তিনি বলেন, “বিএনপি আন্তর্জাতিক স¯প্রদায়কে আহবান জানাচ্ছে, যেন তারা জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক বিচারবহির্ভূত পন্থায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আপত্তি জানায়। যুদ্ধাপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক রীতিনীতি ও বিধিমালায় বাংলাদেশের স্বাক্ষরের মাধ্যমে প্রদত্ত অঙ্গীকারসমূহ প্রতিপালনে ক্ষমতাসীন সরকারকে যথাযথ চাপ প্রয়োগ করে।” নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সেলিমা রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল, সাবেক এর্টনি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সাবেক মন্ত্রী আমিনুল হক, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৬০৮ ঘ.