২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ‘জিম্মিদশা’ থেকে মুক্ত ত্রিপুরার ৯ জন

বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঢুকে নয় জন ভারতীয় জানিয়েছে, তারা চার মাস বাংলাদেশে ত্রিপুরার বিদ্রোহীদের হাতে ‘জিম্মি’ ছিলো। তবে ত্রিপুরার ওই সংগঠনের কোনো আস্তানা থাকার এ খবর নাকচ করেছে বাংলাদেশ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 06:45 PM

Updated : 24 Aug 2022, 05:17 PM

আগরতলা/ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঢুকে নয় জন ভারতীয় জানিয়েছে, তারা চার মাস বাংলাদেশে ত্রিপুরার বিদ্রোহীদের হাতে ‘জিম্মি’ ছিলো। তবে ত্রিপুরার ওই সংগঠনের কোনো আস্তানা থাকার এ খবর নাকচ করেছে বাংলাদেশ পুলিশ। ত্রিপুরা রাজ্যের উপপুলিশ প্রধান নেপাল দাস শুক্রবার সাংবাদিকদের বলেন, “বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) সদস্যরা অপহরণ করে বাংলাদেশে তাদের আস্তানায় নিয়ে যাওয়ার ১৩৬ দিন পর গত রাতে নয় ব্যক্তি দেশে ফিরেছেন।” ত্রিপুরার রাজধানী আগরতলার ১৮০ কিলোমিটার উত্তরপূর্বের প্রত্যন্ত চামানু এলাকা থেকে ওই নয় জনকে উদ্ধার করা হয় বলে সে রাজ্যের পুলিশ জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে এনএলএফটি’র কোনো কার্যক্রম নেই।” এ ঘটনাটিও তার জানা নেই বলে তিনি বলেন। ত্রিপুরার ওই নয় জনই আদিবাসী জনগোষ্ঠীর। পার্বত্য চট্টগ্রাম হয়ে তারা ত্রিপুরার রাইশাবাড়িতে প্রবেশ করে। চামানুতে পৌঁছানোর আগে তাদের গভীর জঙ্গলের মধ্য দিয়ে ৭০ কিলোমিটারের মতো হাঁটতে হয়। নেপাল দাস বলেন, “গত জুলাইয়ে দেবেন্দ্র কারবাড়িপাড়া থেকে তাদের অপহরণ করা হয় এবং বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় একটি আস্তানায় তাদের নিয়ে যাওয়া হয়। জঙ্গিরা আস্তানার বাইরে গেলে তারা সেখান থেকে পালিয়ে আসে।” জুমচাষী এসব ব্যক্তিদের মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয় বলে উল্লেখ করেন তিনি। মুক্তি পাওয়া ব্যক্তিরা পুলিশকে বলেছে, তাদের সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করা হতো এবং জুম চাষ করানো হতো। “তারা বলেছেন, কোনোভাবে তারা ওই এলাকা থেকে পালিয়ে আসেন এবং এলাকাটি সীমান্ত থেকে বেশি দূরে নয় এবং তারা সীমান্ত পার হয়ে ভারতে ঢোকেন,” বলেন নেপাল। নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনএলএফটি’র কমান্ডার কার্মা দেবারামের নেতৃত্বে ওই উপজাতিদের অপহরণ করা হয়। “কার্মা দেবারামের গ্র“প এর আগে সীমান্তে বেড়া নির্মাণকারী সংস্থা এনপিসিসি ও সিপিডব্লিউডি’র কাছে টোল দাবি করেছিলো। কিন্তু ওই সংস্থাগুলো তা দিতে অস্বীকার করায় তাদের কর্মীরা ভয়ে সেখানে কাজ করতে অনীহা দেখায়।” ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মোট ৮৫৬ কিলোমিটার স্থলসীমান্ত আছে। এর বেশিরভাগেই কাঁটাতারের বেড়া রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএইচ/এমআই/০০৪৩ ঘ.