২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল: নিজের পক্ষে যুক্তি দিলেন নূরুল কবীর

ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে বিতর্কমুক্ত রেখে গতিশীল করতেই প্রতিবেদন প্রকাশ করেছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 05:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে বিতর্কমুক্ত রেখে গতিশীল করতেই ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুঃসময়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিলেন তিনি। ওই প্রতিবেদন প্রকাশ করায় কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- সে বিষয়ে শুনানিতে বৃহস্পতিবার এই লিখিত বক্তব্য তুলে ধরেন নূরুল কবীর। ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করায় ওইদিনই নিজের বক্তব্য উপস্থাপন শেষ করবেন নিউ এজ সম্পাদক। নিউ এজের প্রকাশক আ স ম শহীদুল্লাহ খান এবং প্রতিবেদক ডেভিড বার্গম্যানের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বৃহস্পতিবার ট্রাইব্যুনালের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন। এরপর নূরুল কবীর বক্তব্য উপস্থাপন শুরু করেন। এদিন শুনানিতে দীর্ঘ সময় ধরে নিউ এজ সম্পাদক ও ট্রাইব্যুনালের মধ্যে কথপোকথন চলে। পত্রিকাটির বিভিন্ন বিভাগের সম্পাদকরাও এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। ১৯ পৃষ্ঠার লিখিত বক্তব্যে নূরুল কবির আইনজীবীদের ‘নবীর’ সঙ্গে তুলনা করে বলেন, “সাধারণ জনগণ ও বিচারকদের মধ্যে সেতুবন্ধ তৈরির কাজ করেন আইনজীবীরা। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যেমনটি করেন নবীরা।” এক পর্যায়ে ট্রাইব্যুনাল প্রধান নিজামুল হক নিউ এজ সম্পাদককে জিজ্ঞাসা করেন- তিনি মধ্যাহ্ন ভোজের পর শুনানি চালাতে ইচ্ছুক কি না। নূরুল পরবর্তী কোনো এক দিন বাকি বক্তব্য উপস্থাপনের আগ্রহ প্রকাশ করলে ট্রাইব্যুনাল শুনানি মুলতবি করে ২০ ডিসেম্বর নতুন দিন রাখেন। ট্রাইব্যুনাল বলে, আসামি পক্ষের আইনজীবী মুস্তাফিজুর রহমান আরজি দাখিল সম্পন্ন করেছেন, তবে এতে কিছু বিষয় বাদ পড়েছে। প্রকাশিত লেখাটির বিতর্কিত বিষয়গুলো মেনে নিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, লেখাটির কিছু অংশে কিছু শক্ত শব্দ ব্যবহার করা হয়েছে। তবে তা গঠনমূলক সমালোচনার সীমা অতিক্রম করেনি। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের বিষয়ে গত ২ অক্টোবর নিউ এজে বার্গম্যানের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুঃসময়’ (A crucial period for the International Crimes Tribunal) শিরোনামের ওই প্রতিবেদন প্রকাশিত হয়। এই পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর পত্রিকাটির প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদককে নোটিস দেয় ট্রাইব্যুনাল। ওই তিনজনকে কেন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা যাবে না তারও ব্যাখ্যা চাওয়া হয় নোটিসে। নূরুল কবীর ২৭ নভেম্বর এ বিষয়ে নিজের লিখিত বক্তব্য উপস্থাপন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে, এটি ঠিকভাবে লেখা হয়নি। আবারো তার লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য ১ ডিসেম্বর দিন রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/আরআরডি/জেকে/১৬৩৩ ঘ.