২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দারিদ্র ও বেকারত্বমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তির ‘লাগসই ব্যবহারে’ অভ্যস্ত হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র ও বেকারত্বমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তির ‘লাগসই ব্যবহারে’ অভ্যস্ত হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-এশিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে শিখবে এবং এতে অভ্যস্ত হবে এটাই আমাদের লক্ষ্য।” তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষিত করে তুলতে পারলে তা দেশে-বিদেশে কর্মসংস্থানেও ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “২০২১ মধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের নির্বাচনী অঙ্গীকার। জনগণের জীবনমানের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চাই। আমরা চাই, প্রযুক্তির বিভেদবিহীন ব্যবহার। সেজন্য, সকলের কাছে মোবাইল ফোন সহজলভ্য করেছি।” প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের পাশাপাশি সব বই ‘ই-বুক’ আকারে ইন্টারনেটে দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা চাইলে এখন ঘরে বসেই বই ডাউনলোড করে নিতে পারে। তিনি জানান, ইতোমধ্যে ১ হাজার ৬শ’ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং প্রায় তিন হাজার আইটি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। আরো ২০ হাজার প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করা হবে। যেসব এলাকায় বিদ্যুৎ নেই সেখানে সৌর শক্তি ব্যববহার করে তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ই-তথ্যকেন্দ্র চালু হওয়ায় অনেকেরই এখন ঘরে বসে আয়-রোজগারের ব্যবস্থা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন বিল, ব্যাংকিং, মানি অর্ডার সেবাসহ কৃষিতথ্য, স্বাস্থ্যতথ্যও সাধারণ মানুষ ঘরে বসেই পাচ্ছে। দেশে থ্রি জি মোবাইল সেবা চালু করতেও সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন হাসিনা। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারবো।” বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, “জাতির পিতার কন্যার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব।” শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ বলেন, “আমরা বাংলাদেশকে একটি তথ্য-প্রযুক্তির সংযোগস্থলে (হাব) পরিণত করতে পারি, যা আমাদের প্রতিবেশী দেশ ভারত করেছে। আমরা বিশ্বাস করি, আমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবো। বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তি আউট সোর্সিংয়ের হাব।” সম্মেলনের সহআয়োজক সেন্টার ফর সায়েন্স ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া স্টাডিজের (সিএসডিএমএস) এম পি নারায়ণ বলেন, শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশে এ সম্মেলন হচ্ছে। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর এ মেলায় আসার কথা ছিলো। কিন্তু পার্লামেন্ট অধিবেশন চালু থাকায় তিনি আসতে পারেননি। তিন দিনের এ আয়োজনে সিএসডিএমএসকে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। সম্মেলনের তিন দিনে তথ্য-প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন বিষয়ে ৩০টি সেমিনার ও কর্মশালা হবে। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের আইসিটি পণ্য ও সেবা নিয়ে প্রদর্শনী, সেমিনার ও মেলার আয়োজনও রয়েছে। ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সম্মেলনের পাশাপাশি চলবে তথ্য-প্রযুক্তি মেলা। মেলার প্রবেশমূল্য ১০ টাকা ধরা হলেও শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। অন্যদের মধ্যে ভারতের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের ন্যাশনাল ই-গভর্নেন্স বিভাগের চেয়ারম্যান অজত সোহানী এবং মেলার প্লাটিনাম স্পন্সর গ্রামীণফোনের আইটি বিভাগের প্রধান নির্বাহী পিটার অ্যান্থনি ডিনডাল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/জেকে/১৩১৫ ঘ.