২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক’ অনুযায়ী বাংলাদেশে গত বছরের তুলনায় দুর্নীতি কমেছে। তবে দুর্নীতিতে সবচেয়ে বেশি প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকা থেকে বাংলাদেশ বের হতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 06:05 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক’ অনুযায়ী বাংলাদেশে গত বছরের তুলনায় দুর্নীতি কমেছে। তবে দুর্নীতিতে সবচেয়ে বেশি প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকা থেকে বাংলাদেশ বের হতে পারেনি। বার্লিনভিত্তিক এ আন্তর্জাতিক সংস্থার ২০১১ সালের প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতিগ্রস্ত দেশের এ তালিকায় ২ দশমিক ৭ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান এবার নিুক্রম থেকে ত্রয়োদশ। গতবারের তালিকায় বাংলাদেশ ছিল দ্বাদশ অবস্থানে। স্কোর ছিল ২ দশমিক ৪। বৃহস্পতিবার বার্লিন থেকে কেন্দ্রীয়ভাবে এই ধারণা সূচক (করাপশন পারসেপশন ইনডেক্স- সিপিআই) প্রকাশ করে টিআই। আর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই প্রতিবেদনের বাংলাদেশ অংশটি সম্পর্কে বিস্তারিত জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, “বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা উদ্বেগজনক। আমাদের অবশ্যই স্কোর ৫-এ পৌঁছাতে হবে।” স্কোর ৩ এর নিচে থাকায় বাংলাদেশ দুর্নীতিতে সবচেয়ে বেশি প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকা থেকে বের হতে পারেনি বলে জানান ইফতেখারুজ্জামান। টিআই-এর এবারের তালিকায় দুর্নীতির শীর্ষে রয়েছে সোমালিয়া ও উত্তর কোরিয়া। তাদের পয়েন্ট ১। ১ দশমিক ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান ও মিয়ানমার। অন্যদিকে ৯.৫ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে নিউজিল্যান্ড। কম দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে রয়েছে- ডেনমার্ক ও ফিনল্যান্ড (৯.৪), সুইডেন (৯.৩), সিঙ্গাপুর (৯.২), নরওয়ে (৯), নেদারল্যান্ড (৮.৯), অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড (৮.৮), কানাডা (৮.৭), লুক্সেমবার্গ (৮.৫) ও হংকং (৮.৪)। সার্ক দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভূটান (৫.৭), আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত আফগানিস্তান (১.৫)। বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতি হয় পাকিস্তান (২.৫) ও নেপালে (২.২)। ভারত (৩.১), শ্রীলংকা (৩.৩) বাংলাদেশের চেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচিত হয়েছে। এবার ১৮২টি দেশের মধ্যে এ তালিকা প্রণয়ন করা হয়। এই সূচক অনুযায়ী ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিপিআই নির্ণয়ে টিআইবি কোনো ভূমিকা পালন করে না। এমনকি টিআইবির গবেষণা থেকে পাওয়া কোনো তথ্য বা বিশ্লেষণ সিপিআই-এ পাঠানো বা বিবেচনা করা হয় না। দুর্নীতি প্রতিরোধে রাজনীতিবিদদের দেওয়া প্রতিশ্র“তি, তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন গঠন, মানবাধিকার কমিশন গঠনের ফলে বাংলাদেশ এবার এক ধাপ এগিয়েছে বলে মনে করে টিআই। সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছরের সূচকে ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের প্রতিফলন ঘটেছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে প্রায় সবগুলো তথ্য সূত্রের মেয়াদ ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এবারের সূচকে ২০১০ পরবর্তী সময়ের দুর্নীতির অবস্থার প্রতিফলন পাওয়া যাবে না । দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধন, সংসদ বর্জন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া, বিটিআরসির ক্ষমতা খর্ব করা এবং বিভিন্ন নিয়োগে দলীয় রাজনৈতিক হস্তক্ষেপ এই সূচক নির্ধারণে বিবেচনায় এসেছে বলে জানান ইফতেখারুজ্জামান। তিনি বলেন, “বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যের সময়সীমা অনুযায়ী পদ্মা সেতুকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগসহ ২০১১ সালের দুর্নীতি সংক্রান্ত ঘটনা প্রবাহের প্রতিফলন সূচকে ঘটেনি। সংসদ এবং সংসদীয় স্থায়ী কমিটিকে কার্যকর করা, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া, দেশে বিচার ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিবাজদের আইনের মাধ্যমে শাস্তি দিতে পারলে সূচকে আরো উন্নতি করা সম্ভব বলেও মনে করেন ইফতেখারুজ্জামান। সিপিআই ২০১১ সালে ১৩টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান পরিচালিত ১৭টি জরিপের ওপর নির্ভর করে এই সূচক তৈরি করে। তবে বাংলাদেশের ক্ষেত্রে তথ্যসূত্র হিসেবে ৯টি জরিপ ব্যবহৃত হয়েছে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন সুলতানা কামাল ও সাবেক চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সারা বিশ্বের দেশগুলোর দুর্নীতির পরিস্থিতি নিয়ে প্রতি বছর এই ধারণাসূচক প্রকাশ করে টিআই। সংস্থাটির দাবি, এই সূচক প্রামাণ কোনো বিষয় না হলেও এতে দুর্নীতির বিস্তারের একটি ধারণা পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/এসইউ/১৭৪৭ ঘ.