২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমী ফেলোশিপ পাচ্ছেন অমর্ত্য-হাসিনা

নোবেল বিজয়ী বাঙালী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বছর সম্মানসূচক ফেলোশিপ দিচ্ছে বাংলা একাডেমী কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল বিজয়ী বাঙালী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বছর সম্মানসূচক ফেলোশিপ দিচ্ছে বাংলা একাডেমী কর্তৃপক্ষ। একাডেমীর মহা পরিচালক শামসুজ্জামান খান বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার একাডেমীর কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর সকালে একাডেমীর ৩৪তম বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে এই ফেলোশিপ গ্রহণ করবেন তারা।” এ উপলক্ষে ২৯ ডিসেম্বর ঢাকা আসার কথা রয়েছে অমর্ত্য সেনের। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব ও জনকল্যাণমূলক অর্থনীতি নিয়ে গবেষণার জন্য ১৯৯৮ সালে নোবেল পুরস্কার পান ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের লেখা বই ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা ২০০৯ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তার গতিশীল নেতৃত্ব ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গত বছর মোট ১১জন বরেণ্য ব্যক্তিকে সম্মানসূচক এ ফেলোশিপ দিয়েছিল বাংলা একাডেমী কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/জেকে/১১২০ ঘ.