ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) দুই ভাগ করার সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত।
বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার আবেদনে বুধবার হাইকোর্ট সরকার ও নির্বাচন কমিশনের প্রতি এ আদেশ দিয়েছে।
এ দুই আদেশ জানাতে হবে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিব, স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনকে। এ জন্য সময় দেওয়া হয়েছে চার সপ্তাহ।
ডিসিসিকে দুই ভাগ করতে মঙ্গলবার সংসদে পাস হওয়া বিলটি কেন ‘অসাংবিধানিক’ হবে না, তাও এদের জানাতে হবে।
তবে বিএনপি নেতা খোকা রিট আবেদনে এর পাশাপাশি নতুন দুই সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ ঠেকাতে বর্তমান কাঠামোর ওপর স্থিতাবস্থা জারির আদেশ চাইলেও তা নিয়ে বিভক্ত আদেশ হয়েছে।
বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চের এক বিচারক দুই সপ্তাহ স্থিতাবস্থা জারির আদেশ দিলেও অন্য জন তাতে দ্বিমত পোষণ করেন। ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি বিষয়টির নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন।
সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, এর ফলে নতুন দুই সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগে আইনগত কোনো বাধা নেই।
তবে খোকার আইনজীবী আখতার ইমাম বলেছেন, বিষয়টি বিচারাধীন থাকায় সরকারের এ মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না।
এরপরও সরকার প্রশাসক নিয়োগের কোনো ধরনের উদ্যোগ নিলে বিষয়টি আদালতের নজরে আনা হবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বুধবার দুপুরেই বলেছেন, পাস হওয়া বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরপরই প্রশাসক নিয়োগ করা হবে। এ প্রক্রিয়া দুই-এক দিনের মধ্যেই হবে বলে আশা করছেন তিনি।
বিরোধী দলসহ বিভিন্ন মহলের প্রবল আপত্তির মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন (সংশোধন)-২০১১] মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়।
এর পরদিনই আদালতে যান নয় বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করে আসা ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকা।
তার মেয়াদ চার বছর আগে ফুরিয়ে গেলেও এত দিন পর্যন্ত নির্বাচন হয়নি স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানে।
রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আইন অনুযায়ী দেরি না করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে করার সাংবিধানিক দায়িত্ব পালনে কেন নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
দুপুরে রিট আবেদন দায়েরের পর খোকা সাংবাদিকদের বলেন, সংবিধানের বিধিবিধান অনুসরণ না করেই ঢাকাকে ভাগ করার জন্য বিলটি পাস করা হয়েছে।
“সংবিধান অনুসারে ঢাকা বাংলাদেশের রাজধানী। এভাবে ভাগ করার কোনো যৌক্তিকতা ছিলো না। এর প্রতিকার চাইতে আদালতে এসেছি,” বলেন তিনি।
দুপুর ২টার দিকে রিট আবেদনের পরপরই এর ওপর শুনানি নিতে আদালতে আবেদন জানান খোকার আইনজীবী ড. কামাল হোসেন।
আদালত বৃহস্পতিবার শুনানি নিতে চাইলে তিনি বলেন, “মাত্র ৪ মিনিটে এ আইন সংশোধন করা হয়েছে। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেরি হলে আরো কিছু হতে পারে।”
তবে ব্যস্ততার কারণে ওই সময় শুনানিতে অংশ নিতে অপারগতার কথা আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল। এরপর বিকাল ৪টায় শুনানি হয়।
খোকার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের রাজধানী ঢাকা সংবিধান দ্বারা নির্ধারিত। সাধারণ আইন দ্বারা এর পরিবর্তন করা যায় না। এ জন্য আগে সংবিধান সংশোধন করতে হবে। এক্ষেত্রে তা হয়নি।”
সংশোধিত আইন অনুযায়ী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে আলাদা দুটি সিটি কর্পোরেশন হচ্ছে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া হবে দুই কর্পোরশনে।
বিএনপি বলে আসছে, খোকাকে সরাতেই আইনের এ সংশোধন আনা হয়েছে। তবে বিল পাসের পর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, রাজনৈতিক কোনো উদ্দেশ্য থেকে নয়, সেবার মান বাড়াতেই সরকারের এই পদক্ষেপ।
ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করার বিলে প্রশাসক হিসেবে সরকারি কর্মকর্তার পাশাপাশি কোনো সংজ্ঞা না দিয়ে ‘উপযুক্ত ব্যক্তি’কে ওই পদে নিয়োগের সুযোগ রাখা হয়েছে।
এর ফলে সরকারের পছন্দের যে কোনো ব্যক্তিকে নিয়োগের সুযোগ তৈরি হলেও নানক বলেছেন, তারা রাজনৈতিক কোনো ব্যক্তিকে নিয়োগ দেবেন না।
শুনানিতে উভয় পক্ষের বক্তব্য
শুনানিতে খোকার পক্ষে ড. কামাল বলেন, “সংবিধান কোনো ধরনের সুপারসনিক গতিকে সমর্থন করে না। এটা গণতান্ত্রিক রীতি নয়। দেড় কোটি মানুষ সংসদের এ সিদ্ধান্তে ভুক্তভোগী। তাদের কোনো ধরনের মতামত না নিয়ে, সংসদে কোনো ধরনের আলোচনা ছাড়া বিল পাস হয়েছে। সামরিক সরকার অনেক কিছু করতে পারে। কিন্তু গণতান্ত্রিক সরকারকে গণতান্ত্রিক রীতি মানতে হয়।”
তিনি বলেন, এ বিল পাসের মাধ্যমে অনেক সাংবিধানিক বিচ্যুতি ঘটেছে। সংবিধান বলছে না- উত্তর বা দক্ষিণ ঢাকা রাজধানী হবে। সংবিধান বলছে, রাজধানী হবে ঢাকা। রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে।
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ড. কামাল বলেন, ঢাকাকে ভাগ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনের মতো সংসদ সদস্য সরকারের রয়েছে। সরকার চাইলে নতুন সংবিধান তৈরি করতে পারবে। সরকার তো পঞ্চদশ সংশোধনী পাস করেছে। সংবিধান সংশোধন না করে সুপারসনিক গতিতে যেভাবে সংসদে বিল পাস হয়েছে তা সংবিধানের প্রতি চরম অশ্রদ্ধা।
“আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়াদোত্তীর্ণের ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। এ সময়ের মধ্যে নির্বাচন কেন হলো না, সে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ডাকা প্রয়োজন,” বলেন তিনি।
ড. কামাল বলেন, “অ্যাটর্নি জেনারেলসহ বিজ্ঞ আইনজীবীরা অনেক দেশ ভ্রমণ করেছেন। তারা আমাকে একটা নজির দেখান যেখানে সাড়ে চার মিনিটে সংসদে কোনো আইন পাস হয়েছে। এটা আমাদের পুরো জাতির জন্য বিব্রতকর।”
“যেভাবে ঢাকাকে ভাগ করা হয়েছে, তা আইনি পথ নয়। কেউ কেউ প্রধানমন্ত্রীকে বলেন, সব ভালো, সব ভালো। এটা ভদ্রলোকের কথা নয়। আমরাও প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে চাই। প্রশাসক নিয়োগ হবে গণতন্ত্রের জন্য হুমকি। আদালত দুই সপ্তাহ রুল দিতে পারেন। এরপর শুনানি করে সিদ্ধান্ত নেওয়া যাবে,” বলেন ড. কামাল।
খোকার আরেক আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম বলেন, “নির্বাচিত সরকারের শাসনের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। অথচ এখন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রশাসকদের কোনো যোগ্যতার কথাও আইনে বলা নেই। যে কোনো ব্যক্তিকেই এখন প্রশাসক নিয়োগ দেওয়া যাবে। যে কোনো সরকার রাজনৈতিকভাবে এ আইনের অপব্যবহার করতে পারে।”
রিট আবেদনকারীর আইনজীবীদের বক্তব্যের পর আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জানতে চান, নির্বাচিত সরকারের শাসনের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। এখন আবার প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। এটা কেন?
জবাবে সরকারের প্রধান আইন কর্মকর্তা বলেন, “এ প্রশ্নে আমি পরে আসছি। তবে বিলে প্রেসিডেন্ট স্বাক্ষরের আগেই রাজনৈতিক উদ্দেশ্যে এ রিট করা হয়েছে। প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে বিল চ্যালেঞ্জ করে রিট চলতে পারে না। এ নিয়ে বিলম্ব করলেও সমস্যাও নেই। অতীতে বিল পাসের বহু বছর পর পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছিলো। তাছাড়া আমরা তো কেউ পালিয়ে যাচ্ছি না।”
তিনি বলেন, সরকার যা করেছে, জনস্বার্থেই করেছে। জনগণকে সেবা প্রদানের সুবিধার জন্য করা হয়েছে।
“তারা বলছে, নগরের সব কিছু ভাগ করে দেওয়া হলো। আসলে সব কিছু ভাগ করা হয়নি। এখানকার পানি সরবরাহ, পয়ঃনিষ্কাষণ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ইত্যাদির আলাদা আলাদা কর্তৃপক্ষ রয়েছে। এছাড়া নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা একই রকম থাকবে।”
“এক সময় মিরপুর, ঢাকা ও গুলশান পৌরসভা ছিলো। এর সব তো ৪০০ বছরের ঢাকার ঐতিহ্য ধারণ করে না। এদেরকে একত্রিত করেই ঢাকা করা হয়েছে। তাই দুই ভাগ করলেও কোনো অসুবিধা নেই।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “সংসদে দ্রুত পাস হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। এটা যদি দোষের হয়ে থাকে, তা যাবে বিরোধী দলের ওপর। কারণ তারা না যাওয়ায় এটা নিয়ে আলোচনা হয়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/এমআই/২১২৫ ঘ.
bdnews24