ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্র“পের পরিচালক হুমায়ুন কবীর সাব্বির হত্যামামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে ৭ ডিসেম্বর যুক্তিতর্কের শুনানির দিন ঠিক করা হয়েছে।
বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মোতাহার হোসেন এ দিন ঠিক করেন।
আত্মপক্ষ সমর্থনে মামলার আসামিদের মধ্যে এদিন খায়রুল হাসান উজ্জ্বল এবং শামসুদ্দিন আহমেদ আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।
রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনাকারী ট্রাইবুনালের বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিরা বিচারকের সামনে নিজেদের নির্দোষ দাবি করলেও নিজেদের পক্ষে কোন সাক্ষী হাজির করেননি।
গত জানুয়ারিতে এ মামলায় বসুন্ধরা গ্র“পের মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহান সানবীরসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
অভিযুক্তরা সবাই বসুন্ধরা গ্র“পের কর্মকর্তা ও কর্মচারী। মামলার অন্য আসামি সানবীর, নূরে আলম ও হুমায়ূন কবীর পুলিশের খাতায় পলাতক। গত ১০ জানুয়ারি সানবীরসহ তাদের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বসুন্ধরা গ্র“পের পরিচালক (কমিউনিকেশন) সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই খুন হন। এর তিন দিন পর নিহতের ভগ্নিপতি এএফএম আসিফ মামলা করেন।
২০০৮ সালের ১২ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপারিনটেনডেন্ট মো. আরমান আলী অভিযোগপত্র দেন। এতে ৩৫ জনকে সাক্ষী করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়, গুলশানের ১০৪ নম্বর সড়কে বসুন্ধরা গ্র“পের মালিকানাধীন ৩/জি নম্বর বাসার ছাদ থেকে সাব্বিরকে ফেলে দেওয়া হয়।
২০১০ সালের ৭ মার্চ মামলাটি দ্রুত বিচার আদালতে আসে।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৫৪৯ ঘ.
bdnews24