২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ আটক ১

সিরাজগঞ্জে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 09:03 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের জানপুর মহল্লার নিজ বাসা থেকে শাহাদত হোসেনকে (২৮) আটক করা হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ। গত ২৬ অক্টোবর সিরাজগঞ্জ শহরের ২নং খলিফাপট্টির বাসিন্দা ওয়ারেছ খানের বাসার আলমিরা থেকে ২৯ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন চুরি হয়। ১ নভেম্বর অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ওয়ারেছ খান মামলাটি করেন। পরে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খাদেমুল হক সাংবাদিকদের জানান, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আত্মগোপনে থাকা শাহাদতকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোরে বগুড়ার শেরপুর উপজেলার জামালপুর গ্রামে শাহাদতের নানার বাড়িতে অভিযান চালিয়ে ২৯ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারসহ শাহাদতকে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তিনি চুরির ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০০ ঘ.