ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক ব্যক্তি নয়, সরকারি কর্মকর্তাদের মধ্য থেকেই ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করার বিলে প্রশাসক হিসেবে সরকারি কর্মকর্তার পাশাপাশি কোনো সংজ্ঞা না দিয়ে ‘উপযুক্ত ব্যক্তি’কে ওই পদে নিয়োগের সুযোগ রাখা হয়েছে।
এর ফলে সরকারের পছন্দের যে কোনো ব্যক্তিকে নিয়োগের সুযোগ তৈরি হলেও প্রতিমন্ত্রী স্পষ্ট করলেন, তারা রাজনৈতিক কোনো ব্যক্তিকে নিয়োগ দেবেন না।
ঢাকা সিটি কর্পোরেশনের বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের কেউ চাকরি হারাবেন না বলেও আশ্বস্ত করেছেন নানক।
সংসদে বিল পাসের পরদিন বুধবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সচিবলায়ে সাংবাদিকদের বলেন, ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলেই প্রশাসক নিয়োগ দেওয়া হবে।
রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগের খবর নাকচ করে তিনি বলেন, “রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগ দেওয়া উচিৎ হবে না। আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল এটা করতে পারে না।”
কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো ঢাকার দুটি সিটি কর্পোরেশনেও সরকারি কর্মকর্তারাই প্রশাসক হিসেবে নিয়োগ পাবেন বলে জানান নানক।
তিনি বলেন, “বিলটি আজ অথবা আগামীকালের মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই প্রশাসক নিয়োগ হবে। প্রশাসক নিয়োগের পর নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। তবে প্রশাসনিক পর্যায়ের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।”
বনানী কমিউনিটি সেন্টার অথবা গুলশানের মেয়র হাউসকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য অস্থায়ী কার্যালয় হিসেবে নেওয়া হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী।
কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে নানক বলেন, “এতে কারো চাকরি যাওয়ার ভয় নেই, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। যারা কাজ করছেন তারা কোন অঞ্চলে কাজ করতে চান, সে ইচ্ছা প্রকাশ করার সুযোগ পাবেন। এক্ষেত্রে মানবিক বিষয়গুলো সার্বিকভাবে বিবেচনা করা হবে।”
ডিসিসি’র কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আগামী ৫ ডিসেম্বর মন্ত্রণালয় বৈঠক করবেন বলে জানান তিনি। “ওই বৈঠকেই তাদের চাওয়া-পাওয়ার বিষয় নিয়ে আলোচনা হবে,” বলেন প্রতিমন্ত্রী।
ডিসিসি বিভক্তি নিয়ে আন্দোলনের পেছনের কারণগুলো খুঁজে বের করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এর পেছনে রাজনৈতিক কারণ আছে, তা বলবো না। তবে কোনো একটা কারণ আছে, তা আপনারাই খুঁজে বের করুন।”
নাগরিক সুবিধা বাড়াতে ডিসিসিকে দুটি কর্পোরেশনে ভাগ করা হয়েছে বলে সরকার বলে এলেও বিএনপি বলছে, রাজনৈতিক কারণেই এই বিভাজন ঘটানো হয়েছে। এর বিরুদ্ধে আন্দোলনের ডাকও দিয়েছে তারা।
এছাড়া কয়েকটি নাগরিক সংগঠনও ডিসিসি ভাগে আপত্তি জানিয়ে আসছে। তাদের বক্তব্য এটা ঢাকার ঐতিহ্য খণ্ডিত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৩১ ঘ.
bdnews24