চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিইউএফএল জেটি ঘাট এলাকায় অস্ত্র গোলাবারুদ উদ্ধারের পর আটক পাঁচ ব্যক্তিকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছিলেন সিএমপি বন্দর জোনের তৎকালীন উপ-কমিশনার (ডিসি) পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হেল বাকী।
মঙ্গলবার বিকালে ১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষ্য দিতে এসে আদালতকে এ কথা জানান চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর জোনের তৎকালীন সহকারী কমিশনার মাহমুদুর রহমান।
তিনি বলেন, “অস্ত্র চালান আটকের পর সার্জেন্ট আলাউদ্দিন ঘটনাস্থল থেকে পাঁচ ব্যক্তিকে আটক করেন। ওইখানেই তাদের ডিসি পোর্টের নির্দেশে ছেড়ে দেওয়া হয়।”
আব্দুল্লাহ হেল বাকী অধিকতর তদন্তের পর দেওয়া সম্পূরক অভিযোগপত্রের একজন সাক্ষী।
অস্ত্র ও চোরাচালান আইনে করা দুটি মামলায় মোট ৫২ জনকে আসামি করা হয়েছে সম্পূরক অভিযোগপত্রে। এর মধ্যে নিজামী, বাবর এবং সাবেক দুই গোয়েন্দা প্রধানসহ নতুন ১১ আসামির বিরুদ্ধে গত ১৫ নভেম্বর অভিযোগ গঠন হয়। ওই দিনই বিচারক ২৯ নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।
এদিন দুপুর থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর তিন জনের বক্তব্য শোনার পর মামলার কার্যক্রম আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে আদালত।
দুপুর দেড়টায় আাদলতে প্রথম সাক্ষ্য দেন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে আটক অস্ত্রবাহী ট্রাকের মালিক সংস্থা গ্রিনওয়ে ট্রান্সপোর্টের ব্যবস্থাপক তসলিম মল্লিক। এরপর সাক্ষ্য দেন ট্রাকের ব্রোকার শেখ আহমদ ও অস্ত্র উদ্ধারের সময় চট্টগ্রামের বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুর রহমান।
তিন সাক্ষীর মধ্যে প্রথম দুজনকে জেরাও করেন আইনজীবীরা। মাহমুদুর রহমানের জেরার মধ্য দিয়ে আগামী ৯ জানুয়ারি মামলার কার্যক্রম আবার শুরু হবে।
এর দিন এ দুটি মামলার বিচার শুরুর জন্য বেলা ১১টার দিকে নিজামী, বাবরসহ অভিযুক্ত ১১ আসমিকে বেলা আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবীর সাক্ষ্যগ্রহণ বর্জন
দুপুর সোয়া ১২টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আসামিপক্ষের আইনজীবীরা নথি সংগ্রহ করতে না পারার কারণ দেখিয়ে সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন জানান।
এর পক্ষে লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আমিনুল ইসলাম, এনএসআই’র সাবেক প্রধান রেজ্জাকুলের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, আদালত মামলার সব নথির অনুলিপি আসামিদের দেওয়ার নির্দেশ দিলেও তা দেওয়া হয়নি।
১৬১ ধারার জবানবন্দির অনুলিপি এখনো তারা হাতে পাননি দাবি করে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, অনুলিপি ছাড়া সাক্ষ্য গ্রহণ শুরুর কোনো সুযোগ নেই। মহানগর পিপি’র কারণে এসব নথি পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন অভিযোগ করেন, আসামিপক্ষের আইনজীবীরা মামলার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে এসব কাজ করছেন।
এরপর বেলা দেড়টার দিকে বিচারক সাক্ষ্য গ্রহণ শুরু করলে আসামিপক্ষের বেশিরভাগ আইনজীবী ‘প্রহসনের বিচার মানি না’ বলে আদালত কক্ষ থেকে বেরিয়ে যান।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে মামলা দুটি দায়ের করে।
ওই বছর ২৫ অগাস্ট এ মামলা দুটিতে অভিযোগপত্র দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা। ২০০৫ সালের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৬ জুলাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তখন অস্ত্র মামলায় ২১ এবং চোরাচালান মামলায় ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।
কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার সময়ে এর তদন্ত ঠিকভাবে না হওয়ার অভিযোগ ওঠে। কয়েকবার তদন্ত কর্মকর্তা বদলের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী গত ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন, যাতে নতুন ১১ জনের নাম আসামির তালিকায় আসে।
সম্পূরক অভিযোগপত্রভুক্ত নতুন আসামিরা হলেন- এনএসআইয়ের সাবেক প্রধান আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দার চৌধুরী, তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সাবেক পরিচালক শাহাবুদ্দিন আহমেদ, সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হক, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফা নেতা পরেশ বড়–য়া।
এদের মধ্যে শেষ দুজন পলাতক রয়েছেন।
এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে চার জন আসামি মারা গেলে তাদের নাম পরে মামলা থেকে বাদ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/এএল/এমআই/২১২৬ ঘ.
bdnews24