২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট কারচুপি বন্ধের রক্ষাকবচ ইভিএম: সিইসি

আগামীতে স্থানীয় ও জাতীয় সব নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

মাদারীপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে স্থানীয় ও জাতীয় সব নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা নির্বাচন কমিশন অফিসের সার্ভার স্টেশন পরিদর্শনে এসে সার্কিট হাউজে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, “ভোট কারচুপি বন্ধ করার রক্ষাকবচ হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এটা অত্যন্ত ভালো পদ্ধতি। ভোট কারচুপি বা এদিক-সেদিক করার কোনো সুযোগ নেই।” চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারের পর এবার কুমিল্লায় সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তবে বিরোধী দল ও এর শরিকরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে। শামসুল হুদা বলেন, “আমরা সরকারকে বলতে চাই, আগামীতে যে কোনো নির্বাচনে এই পদ্ধতি চালু রাখা উচিত। তারপরও যদি রাজনৈতিক বা তত্ত্বাবধায়ক সরকার এটা না করে- সেক্ষেত্রে সেটি তাদের ব্যাপার।” এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক নূর উর রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, সদর উপজেলা কর্মকর্তা জিয়াউল ইসলাম খলিফা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১৮ ঘ.