২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানা ও ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি হচ্ছে: শফিক

আইনমন্ত্রী বলেছেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজ এগিয়ে চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী বলেছেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজ এগিয়ে চলছে। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মঙ্গলবার বলেন, “আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং বিভিন্ন আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ ব্যক্তিদের আইনগত সহায়তা প্রাপ্তির বিষয়টি কোনো সুযোগ কিংবা উপহার নয়।” “এটি তাদের মৌলিক অধিকার।”- যোগ করেন মন্ত্রী। তিনি রাজধানীতে জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে কথা বলছিলেন। এ সময় ব্যারিস্টার শফিক বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের কাছে আইনগত সেবা পৌছে দিতে জেলার পাশাপাশি থানা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠনের কাজ এগিয়ে চলছে। ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’-এর ভিত্তিতে ২০০৩ সালে গঠিত এই সংস্থা আইনমন্ত্রীর সভাপতিত্বে গঠিত ১৯ সদস্যবিশিষ্ট জাতীয় পরিচালনা বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এ সংস্থার পরিচালিত মামলা বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তির জন্য বিচারকদের দৃষ্টি আকর্ষণে মামলার ফাইলে বিশেষ স্টিকার রাখা হচ্ছে বলে জানান ব্যারিস্টার শফিক। সংস্থার নবনিযুক্ত পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম বলেন, এ পর্যন্ত দেশের ৪১টি জেলায় জেলা জজের নেতৃত্বে গঠিত জেলা লিগ্যাল এইড কমিটির কার্যালয় হয়েছে। তিনি জানান, ২০০৯ সালে এই সংস্থা কর্তৃক পরিচালিত মামলার সংখ্যা ৯ হাজার ১শ ৬০টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ৫শ ২৪টি মামলা। ২০১০ সালে মোট মামলার সংখ্যা ১১ হাজার ২শ ৬৬টি। এর মধ্যে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ৫ হাজার ৫শ ৬টি। সর্বশেষ ২০১১ সালের মধ্যভাগ পর্যন্ত ৭ হাজার ১শ ৭১টি মামলা গৃহীত হয়েছে যার মধ্যে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ২ হাজার ৬শ ৩১টি। আমিনুল ইসলাম বলেন, সরকারি আইনি সহায়তা কার্যক্রমে গরিব মানুষের প্রবেশাধিকার আরো সহজতর করতে নীতিমালা কিছুটা সংশোধন করে অসচ্ছল ব্যক্তির বার্ষিক গড় আয়সীমা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ৬ হাজার টাকার পরিবর্তে ৭৫ হাজার টাকা করা হয়েছে। দ্য কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (সিডা) সহযোগিতায় পরিচালিত এই সংস্থা পার্বত্য এলাকার জনগণকে আইনি সহায়তা দেওয়ায় বিশেষ ভূমিকা রেখেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২০০ ঘ.