২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারণ রাজনৈতিক নয়: আশরাফ

মেয়র সাদেক হোসেন খোকাকে সরাতে ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করা হয়েছে বলে যে কথা উঠেছে, তা নাকচ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেছেন, এর উদ্দেশ্য নাগরিক সেবার প্রসার ঘটানো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র সাদেক হোসেন খোকাকে সরাতে ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করা হয়েছে বলে যে কথা উঠেছে, তা নাকচ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, “রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করা হয়নি। নাগরিক সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে তা করা হয়েছে।” মঙ্গলবার জাতীয় সংসদে ঢাকা সিটি কর্পোরেশন ভাগের বিল পাস হওয়ার পরপরই এক সংবাদ সম্মেলনে আইন সংশোধনের যুক্তি তুলে ধরেন আশরাফ। বিরোধী দলের আপত্তির মধ্যেই এ আইনটি সংশোধন হলো। সংশোধিত আইন অনুযায়ী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে আলাদা দুটি সিটি কর্পোরেশন হচ্ছে। আর এ দুটিতে নির্বাচন হবে ৯০ দিনের মধ্যে। বর্তমান মেয়র ও কাউন্সিলররা আর দায়িত্বে থাকছেন না। নির্বাচন পর্যন্ত অনির্বাচিত ব্যক্তিই মেয়রের দায়িত্ব পালন করবেন। সংশোধিত আইনে বিএনপি নেতা খোকার সরে দাঁড়ানোর বাধ্যবাধকতা তৈরি হওয়ায় দলটির নেতারা বলে আসছিলেন, এ বিভক্তির পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। ঢাকা ভাগের পক্ষে যুক্তি তুলে ধরে আশরাফ সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানেরও সমালোচনা করেন। মন্ত্রী বলেন, “তিনি আন্দাজেই বলেছেন, পৃথিবীর কোথাও একই শহরে দুটি সিটি কর্পোরেশন নেই। লন্ডনেই দুটি সিটি কর্পোরেশন (সিটি অব লন্ডন ও গ্রেটার লন্ডন) রয়েছে। দুই কর্পোরেশনের হেডকোয়ার্টার ৫০ গজের বেশি দূরে নয়। সিডনিতে পাঁচটি এবং নিউ ইয়র্কে একটি সিটি কর্পোরেশন ও পাঁচটি বারা কাউন্সিল রয়েছে।” “ঢাকায় মানুষের সেবা যেন দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, তা বিবেচনা করেই এ বিল পাস করা হয়েছে,” বলেন তিনি। নির্বাচনের বিষয়ে আশরাফ বলেন, “৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রাখা হয়েছে। এ সময়ে নির্বাচন করার জন্য ইসিকে অনুরোধ জানাবো। ওই ৯০ দিনে নির্বাচন না হলে পরবর্তী ৯০ দিনে হবে।” ক্ষমতায় গেলে বিভক্ত ঢাকাকে পুনরায় একীভূত করার বিষয়ে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বক্তব্যের প্রতিক্রিয়ায় আশরাফ বলেন, “জনগণ যদি উনাকে ভোট দিয়ে নির্বাচন করে, তবে জনগণের রায় মেনে নেবো আমরা।” ক্যান্টনমেন্ট বোর্ড সিটি কর্পোরেশনের বাইরে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ জানান, ঢাকার পাশের ১৭টি ইউনিয়ন সিটি কর্পোরেশনের বাইরে রয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট ও ডিওএইচএস (নতুন, পুরাতন, মিরপুর) সিটি কর্পোরেশনের বাইরে থাকছে। তবে সীমানা জটিলতা কাটলে ১৭ ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া নেওয়া হবে বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, “ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে ঢাকার ক্যান্টনমেন্ট ও ডিওএইচএস পরিচালিত হয়। তারা সিটিতে কোনো ট্যাক্স দেয় না। গবেষণা করে দেখা গেছে, ঢাকার অর্ধেকই (মানুষ) ঢাকার নয়। আমি মনে করি, সব কিছু ডিসিসির অধীনে থাকা উচিত।” আরো ১৯ জেলা সদরে সিটি করপোরেশন বর্তমান সরকারের আমলে দেশের ১৯ জেলা সদরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী। বর্তমান সরকারের মেয়াদে নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর সিটি কর্পোরেশন করার প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, গতানুগতিক পৌরসভা দিয়ে সেবা দোরগোড়ায় পৌঁছানো সম্ভব নয়। বর্তমান সরকারের সাধারণ ভাবনা হচ্ছে- বৃহত্তর জেলা সদরসহ ১৯টি পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশন করা হবে এ মেয়াদে। সংসদ নির্বাচনে ইভিএম প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনার পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বলে, আগামীতে সব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে। দ্রুত ও নির্ভুল ভোট দেওয়া, স্বল্প সময়ে ভোট গণনা এবং কারচুপি, ছিনতাই, দখল রোধে ইভিএম কার্যকর বলে দাবি করেন তিনি। আশরাফ বলেন, “সবাই ইভিএমের প্রশংসা করছে। ভোটাররাও সহজে গ্রহণ করছে। ভোটারদের মাঝে যে সন্দেহ ছিল, তা কেটে গেছে।” বিরোধী দলকে ‘টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড’ বলে মন্তব্য করেন তিনি। বিরোধী নেত্রীর প্রতি ইঙ্গিত করে আশরাফ বলেন, “যারা চোখে দেখে না, তাদেরকে এখন চোখে সমস্যা বলে না। বলা হয়, তারা ভিজুয়ালি চ্যালেঞ্জড। যারা টেকনোলজি বোঝে না, তারা টেকনোলোজিক্যালি চ্যালেঞ্জড। তাদের জন্য ইভিএম অসুবিধা।” আগামী সংসদ নির্বাচন ইভিএমে হলে ভোটগ্রহণ শেষের আধা ঘণ্টায় ফল পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯৪৮ ঘ.