চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় পদ্ধতি সিটিএমএস পূর্ণাঙ্গভাবে চালুতে একমত হয়েছেন পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’সহ বন্দর ব্যবহারকারীরা।
চট্টগ্রাম চেম্বারে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর এক বৈঠকে মঙ্গলবার নেওয়া কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস) বিষয়ক এ সিদ্ধান্ত বুধবার আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে জানানো হবে।
বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ ছালামকে।
সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী বলেন, “বন্দরে সিটিএমএস পূর্ণাঙ্গভাবে চালু করতে না পারার জন্য বিজিএমইএকে দায়ী করা হয়। আমরা চাই চট্টগ্রাম বন্দরে সিটিএমএস পূর্ণাঙ্গ চালু হোক, তবে সেটা যেন বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করে হয়।”
এছাড়া বন্দরের ‘অফডকে’ সার্বক্ষণিক কাস্টমস কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়।
আগামী ৪ সপ্তাহ এ কার্যক্রম সার্বিক তত্ত্বাবধানের জন্য চিটাগাং চেম্বার পরিচালক এম এ ছালামকে দায়িত্ব দেওয়া হয়।
সভায় বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্ট এসোসিয়েশন, সিএন্ডএফ এসোসিয়েশন, ফিডার অপারেটর, এমএলও, ফ্রোজেন ফুডস এক্সপোটার্স এসোসিয়েশনের নেতারা এবং চট্টগ্রাম বন্দরের সিটিএমএস’র উপ প্রকল্প পরিচালক মশিউর রহমান ও অরুন কুমার ভট্টাচার্য এবং টার্মিনাল ম্যানেজার এনামুল হক উপস্থিত ছিলেন।
সিটিএমএস পদ্ধতিতে বিজিএমইএসহ অন্যান্য প্রতিষ্ঠানের পণ্যবাহী কন্টেইনার জেটিতে জাহাজ ভেড়ানোর ২৪ ঘণ্টা আগে পৌঁছাতে হবে।
বর্তমানে কাট অফ টাইমের (পণ্য জাহাজীকরণের সময়সীমা) সুবিধায় তৈরি পোশাক মালিকরা বন্দরে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা পর কন্টেইনার জমা দেন।
বিজিএমইএ’র দাবির প্রেক্ষিতে দুই দফা পিছিয়ে গত ১০ অক্টোবর পরীক্ষামূলকভাবে সিটিএমএস পদ্ধতি চালু করে বন্দর কর্তৃপক্ষ।
দেশের অবকাঠামোসহ সামগ্রিক সংকট বিবেচনায় এনে বিজিএমইএ সিটিএমএস পদ্ধতিতে তাদের ছাড় দাবি করে আসছিল।
পরে কয়েক দফা বৈঠকের পর বন্দর কর্তৃপক্ষ গত ২০ নভেম্বর তৈরি পোশাক শিল্পের পণ্যবাহী কন্টেইনার জাহাজ জেটিতে ভেড়ার দিন সকাল ৮টার মধ্যে পৌঁছানোর নিয়ম করে।
সিটিএমএস প্রক্রিয়ায় কন্টেইনারের অবস্থান সহজেই অনলাইনে জানা যাবে। এই ব্যবস্থায় বন্দরের দক্ষতা এবং কন্টেইনার রাখার জায়গা ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে বন্দর কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/১৯২৫ ঘ.
bdnews24