ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিতে থাকা সাবেক সচিব কাজী আমিনুল ইসলামের চুক্তির মেয়াদ ছয়মাস বেড়েছে।
আগামী বছরের ১৬ ফেরুয়ারি থেকে এ মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে বলে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানের চুক্তির মেয়াদও বেড়েছে এক বছর। গত ২৫ নভেম্বর অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে তার এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।
এদিকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে থাকা অতিরিক্ত সচিব মরতুজা আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বেসরকারি ইপিজেড এর বোর্ড অব গভর্নস’র নির্বাহী সেলের মহাপরিচালক পদে প্রেষণে থাকা অতিরিক্ত সচিব শুভাশীষ বসু।
বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব শাহ আলমকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ে উপ-পরিচালক এবং ওএসডি উপসচিব হুমায়ুন কবীরকে ‘খুলনা জেলা কারাগার নির্মাণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি কর্মকর্তা ডা. আবু হাসানাত মোস্তফা জামালকে কেন্দ্রীয় মাসকাসক্তি নিরাময় কেন্দ্রের মেডিকেল অফিসার এবং ব্রাক্ষণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাফিসা জাফরীনকে কেন্দ্রীয় মাসকাসক্তি নিরাময় কেন্দ্রের রিহেবিলিটেশন অফিসার (পুনর্বাসন কর্মকর্তা) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২৬ ঘ.
bdnews24