২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজলাসে মারধর, বাবা-ছেলে আটক

বরিশালে আদালত চলাকালে মামলার সাক্ষীকে মারধরের অভিযোগে সাবেক এক সেনা সদস্যকে জেল হাজতে পাঠিয়েছেন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

বরিশাল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে আদালত চলাকালে মামলার সাক্ষীকে মারধরের অভিযোগে সাবেক এক সেনা সদস্যকে জেল হাজতে পাঠিয়েছেন বিচারক। এরপর আদালত চত্বরে বাদী ও সাক্ষীর উপর হামলার অভিযোগে ওই সেনা সদস্যের ছেলেকেও আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন ওই মামলার আসামি সাবেক সেনা সদস্য আমিনুল ইসলাম (৪৫) ও তার ছেলে শাকিল (১৭)। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের সফিজউদ্দিনের (৬৫) দুই ছেলে আমিনুল ইসলাম ও আলতাফ হোসেন (৫০)। সফিজউদ্দিনের কাছ থেকে কিছু জমি লিখিয়ে নেওয়ার অভিযোগে আলতাফ ছোটভাই আমিনুলের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য দিতে সফিজউদ্দিন আদালতে আসেন। বরিশাল প্রথম যুগ্ম জেলা জজ আলমগীর কবিরের আদালতে সাক্ষ্য দিয়ে নামার সময়ই আমিনুল তার কলার চেপে ধরেন। বিচারক তখনই আমিনুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসআই আসাদুজ্জামান আরো জানান, এই ঘটনার পর সফিজউদ্দিন অপর ছেলে আলতাফ হোসেন ও আত্মীয় নজরুল ইসলামকে (৩৫) নিয়ে আদালতের পূর্ব গেইটের সড়কে নামলে শাকিল ক্ষুর নিয়ে তাদের উপর হামলা চালিয়ে আহত করে। আহত সফিজউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অন্য দুইজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জনতার সহায়তায় শাকিলকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৩ ঘ.