২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালিম হত্যার চার আসামি জেআইসিতে

খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গাজী আবদুল হালিম হত্যা মামলার চার আসামিকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) জিজ্ঞাসাবাদ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

খুলনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গাজী আবদুল হালিম হত্যা মামলার চার আসামিকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবার সকালে এজন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। জেআইসিতে তাদের সাতদিন জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। দিঘলিয়া থানার ওসি নাসিম খান সাংবাদিকদের জানান, আদালতের অনুমতি পাওয়ার পর এ হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, মাসুদ ও শাহীনকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে তাদের সাতদিন জিজ্ঞাসাবাদ করা হবে। গত ৩০ অক্টোবর খুলনা শহর থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী আবদুল হালিম। ১ নভেম্বর ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় হালিমের স্ত্রী ফারহানা হালিম বাদী হয়ে ৩১ অক্টোবর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দিঘলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে তা হত্যা মামলায় রূপান্তরিত হয়। এদিকে সোমবার রাতে হত্যা মামলার পলাতক আসামি মুন্না মোল্লার গ্রামের বাড়ি একটি বাঁশঝাড় থেকে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ মামলায় গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী এগুলো উদ্ধার করা হয় বলে জানান ওসি। এছাড়া এ হত্যার বিচার চেয়ে গাজী আবদুল হালিম স্মৃতি পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার সেনহাটি বাজারে মানববন্ধন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৭ ঘ.