শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে অপার সম্ভাবনাময় দেশ মনে করেন জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ। তবে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তার শঙ্কা রয়েছে বলে জানালেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
সফররত জার্মান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে তার মনোভাবের কথা তুলে ধরেন বার্লিনভিত্তিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার নির্বাহী প্রধান।
ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্রিশ্চিয়ান ভুল্ফ বলেছেন যে তিনি বুঝতে পারছেন বাংলাদেশ অপার সম্ভাবনাময় একটি দেশ এবং অনেক দেশের জন্য অনুসরণীয়ও হয়ে উঠতে পারে। কিন্তু দেশের প্রধান দুটি দলের শীর্ষ নেতাদের সাংঘর্ষিক আচরণের কারণ তিনি বুঝতে পারছেন না।”
তিন দিনের সফরে সোমবারই ঢাকা পৌঁছান ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশের প্রেসিডেন্ট। মঙ্গলবার সকালে জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
দুই প্রধান নেত্রীর ‘বিরোধ’ তরুণ প্রজন্মের ওপর কী প্রভাব ফেলছে, তাও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে জানতে চেয়েছিলেন ভুল্ফ।
ইফতেখার বলেন, “আমরা তাকে জানিয়েছি, তরুণ প্রজন্মের ওপর কিছুটা প্রভাব পড়লেও তারা আসলে প্রগতিশীল। এ কারণেই তারা ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। তবে এ ধরনের বিরোধপূর্ণ আচরণ চলতে থাকলে তারা (তরুণ প্রজন্ম) দুজন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে।”
ক্রিশ্চিয়ান ভুল্ফ বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেন বলে সুশীল সমাজের প্রতিনিধিরা জানান।
মতবিনিময়ে অংশ নেওয়া তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, “তিনি বাংলাদেশকে একটি প্রগতিশীল দেশ হিসেবে প্রসংশা করেছেন। সেই সঙ্গে বলেছেন, খুব ইতিবাচক ধারণা নিয়েই জার্মানিতে ফিরবেন তিনি।”
জার্মান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতা ও অধ্যাপক মুহাম্মদ ইব্রাহিমও অংশ নেন।
দুর্নীতি ও সুশাসন
সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় দুর্নীতি ও সুশাসনের বিষয়টিও উঠে আসে। জার্মান প্রেসিডেন্ট দুর্নীতির চিত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন বলে জানান ইফতেখার।
“আমরা বলেছি বিশ্বের সব স্থানেই দুর্নীতি রয়েছে। তবে দুর্নীতি নির্মূল করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে,” বলেন তিনি।
এছাড়া নারীর ক্ষমতায়ন, মানবাধিকার পরিস্থিতি ও দারিদ্র্য নিয়েও আলোচনা করা হয় বলে ইফতেখার জানান।
বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা
সুশীল সমাজের সঙ্গে আলোচনার আগে সোমবার সফরের প্রথম দিনে বাংলাদেশের বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ক্রিস্টোফার ভুল্ফ।
জার্মান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশে বহুকাল ধরে বিভিন্ন ধর্মের মানুষের পাশাপাশি অবস্থানের অভিজ্ঞতা জানতে চান ভুল্ফ।
জার্মানিতে ৪০ লাখ মুসলমান থাকার তথ্যটি তুলে ধরে তিনি বলেন, সমাজ জীবনে বোঝাপড়ার জন্য আন্তঃধর্মীয় আলোচনা বেশ প্রভাব রাখতে পারে।
ভুল্ফ মনে করেন, অসা¤প্রদায়িক একটি দেশই সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এমআই/১৫৪৬ ঘ.
bdnews24