নওগাঁ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উপজেলার ধোনতলা নামক স্থানে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- রাজশাহী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র শামিম আহমেদ (২৪) এবং সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নাজমুল হাসান (১৯)। দুজনের বাড়ি সদর উপজেলায়।
মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম সাংবাদিকদের জানান, শামীমের মামার বাড়ি উত্তরগ্রাম থেকে তারা বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি মটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
চালক বাস নিয়ে পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২৮ ঘ.
bdnews24