২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন ধর্মঘট

ভ্রাম্যমাণ আদালতের আদেশে এক বাসচালককে গ্রেপ্তারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে জেলা বাস মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতের আদেশে এক বাসচালককে গ্রেপ্তারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে জেলা বাস মালিক সমিতি। সোমবার সন্ধ্যার পর তারা ধর্মঘট শুরু করে। ফলে জেলার সব রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। জেলা বাস মালিক সমিতির সভাপতি এ কে এম লুৎফর রহমান ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে শহরের ফায়ার সার্ভিস মোড়ে বৈধ কাগজ না থাকায় দুটি বাসকে ৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটির চালক মনোয়ার আহ¤েমদ পল্টুকেও ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে অস্বীকার করলে আদালতের ম্যজিস্ট্রেট তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করলে ওই চালককে ছেড়ে দেওয়া হয়। তবে মোটরযান আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং মামলা দেওয়ার ক্ষমতা থাকলেও কাউকে গ্রেপ্তার করতে পারে না বলে দাবি করেন তিনি। লুৎফর জানান, চালককে গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হলে জেলার প্রায় আড়াই শ’ বাসচালক পর্যায়ক্রমে তাদের বাস চলাচল বন্ধ করে দেয়। চাঁপাইনবানগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জরিমানার কারণে দুর্ব্যবহার করলে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছিলো। টাকা পরিশোধ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।” জেলা প্রশাসক কে এম আলী আজম বলেন, “এটি ছিলো রুটিন কাজ। নিয়ম অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬৩৯ ঘ.