ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ট্রাক-টেম্পো সংঘর্ষে চার দিন মজুরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচজন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান, মঙ্গলবার ভোর ৬টায় বঙ্গবন্ধু সেতু সড়কের ধাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতি উপজেলার সল্লা গ্রামের আব্দুল বারেক (৫২), উমেদ আলী (৪০), আনসার আলী (৬০) ও আব্দুল খালেক (৪০)।
ওসি তাপস চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হতাহতরা সবাই দিন মজুর।
তারা কাজের জন্য সল্লা থেকে টেম্পোতে করে এলেঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে টেম্পোর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
আহত অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায় বলে ওসি জানান।
আহত পাঁচজনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০২৫ ঘ.
bdnews24