২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেন্দ্রীয় সরকার ছোট হলে দেশের মঙ্গল’

সংসদে ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, কেন্দ্রীয় সরকার যত ছোট হবে ততই দেশের মঙ্গল হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, কেন্দ্রীয় সরকার যত ছোট হবে ততই দেশের মঙ্গল হবে। উপজেলা পরিষদ নিয়ে এক আলোচনা সভায় সোমবার তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, “চোখে দেখে না, কানে শোনে না- তার নাম সেন্ট্রাল গভর্নমেন্ট।” তবে এ মন্তব্য যে তার ব্যক্তিগত সেটি স্মরণ করিয়ে দিয়ে ডেপুটি স্পিকার বলেন, “সরি, এটা আমার ব্যক্তিগত কথা। দলীয় বা সরকারের কথা না।” ‘কার্যকর উপজেলা পরিষদ: চ্যালেঞ্জ ও করণীয়” শিরোনামের এ আলোচনা সভা আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। “সব ক্ষমতা কেন্দ্রীভূত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারে হাতে”- এ মন্তব্য করে শওকত আলী বলেন, “অথচ জনগণের কাছে ক্ষমতা দেওয়ার কাজ হচ্ছে না।” প্রফেসর তোফায়েল আহমেদ, ড. বদিউল আলম মজুমদার এবং কয়েকজন উপজেলা চেয়ারম্যান আলোচনায় অংশ নেন। উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন। তোফায়েল বলেন, নানা পরিপত্র দিয়ে দেশ চালানো হচ্ছে। বাংলাদেশকে ‘পরিপত্র প্রজাতন্ত্র’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “স্থানীয় প্রশাসনে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের খবরদারির কারণে স্থানীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।” স্থানীয় সরকার কার্যক্রমে সংসদ সদস্য, প্রজাতন্ত্রের নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের জড়িত থাকা প্রসঙ্গে বদিউল আলম বলেন, “এক ঘরে তিন পীর রাখা হয়েছে।” দুমকী উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, “উপজেলা পরিষদ স্থবির হয়ে পড়েছে।” স্থানীয় পর্যায়ে টাকা ব্যয়ের ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি ও প্রজাতন্ত্রের কর্মকর্তার যৌথ স্বাক্ষর থাকলে দুর্নীতি কমবে বলে মন্তব্য করেন তিনি। জাসদ নেতা আসম আব্দর রব, সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবীর, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু, মেঘনা উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম এবং কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/পিডি/২৩২৭ ঘ.