২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অলিকে অবাঞ্ছিত করা পাগলের প্রলাপ’

চন্দনাইশে দলের সভাপতি অলি আহমদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করাকে ‘পাগলের প্রলাপ’ বলে অভিহিত করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চন্দনাইশে দলের সভাপতি অলি আহমদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করাকে ‘পাগলের প্রলাপ’ বলে অভিহিত করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা। সোমবার বিকালে এলডিপি চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক দোস্ত মোহাম্মদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। এতে ‘অবাঞ্ছিত’ ঘোষণায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বিবৃতিদাতাদের মধ্যে আছেন- এলডিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম সলিম উল্লাহ, উত্তর জেলা এলডিপির সভাপতি মো. নুরুল আলম, মহানগর এলডিপির সভাপতি ওয়াহেদ আজগর চৌধুরী, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী প্রমুখ। গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে তার সংসদীয় এলাকা চন্দনাইশে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। বিবৃতিতে বলা হয়, “চন্দনাইশে সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র সবাই এলডিপি থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছেন। চন্দনাইশে আওয়ামী লীগের অবস্থা বিরোধী দলের সমতুল্য।” বিবৃতিতে নেতারা বলেন, “২০০৮ সালের জাতীয় নির্বাচনে মহাজোটের মহাবিজয়ের সময় অনেক জাতীয় নেতা ও হেভী ওয়েট প্রার্থী নির্বাচন করে হেরে যান। তখনও কর্নেল অলি মহাজোট ও চারদলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।” এ প্রেক্ষাপটে চন্দনাইশে অলি আহমদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণাকে ‘পাগলের প্রলাপ’ বলে অভিহিত করা হয় বিবৃতিতে। প্রধানমন্ত্রী ও নারী সাংসদকে কটূক্তির অভিযোগে এক মামলায় হাজিরা দিতে গেলে গত বৃহস্পতিবার অলি আহমদের ওপর হামলা হয়। এ নিয়ে এলডিপি ও যুবলীগ পাল্টাপাল্টি মামলাও করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২২৩০ ঘ.