২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলা: আশরাফুলের অব্যাহতির শুনানি শেষ

২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদার অব্যাহতি আবেদনের শুনানি শেষ হয়েছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদার অব্যাহতি আবেদনের শুনানি শেষ হয়েছে সোমবার। নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে হরকাতুল জিহাদ নেতা আবদুল মালেকের অব্যাহতির আবেদনের আংশিক শুনানিও হয় এদিন। পরবর্তী শুনানি হবে আগামী ৪ ডিসেম্বর। এ নিয়ে এই মামলায় ১৪ জনের অব্যাহতির আবেদন শুনানি শেষ হলো। এ পর্যন্ত নয়টি তারিখে মামলার আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি হয়েছে। আশরাফুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট টি এম আকবর। মালেকের পক্ষে আংশিক শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। গত ৯ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জন আসামির বিরুদ্ধে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়। সম্পূরক অভিযোগপত্রে অভিযুক্ত ৩০ জনের মধ্যে তারেক রহমান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউক, হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১২ জন পলাতক রয়েছেন। আর ১৭ জন কারাগারে রয়েছেন। এছাড়া আরেক আসামি ঢাকার ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম ওরফে আরিফ জামিনে আছেন। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। দলীয় প্রধান শেখ হাসিনা আহত হয়ে প্রাণে বেঁচে গেলেও বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন ওই ঘটনায় নিহত হন। আহত হয় বহু নেতা-কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২১৪ ঘ.